মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘রাজনীতির গ্র্যান্ডমাস্টার বা মহান ব্যক্তিত্ব’ এবং একজন ‘ঐতিহাসিক ব্যক্তিত্ব’ হিসেবে অভিহিত করেছেন। জার্মান মিডিয়া গ্রুপ অ্যাক্সেল স্প্রিঙ্গারের প্রধান নির্বাহী ম্যাথিয়াস ডপফনারের ‘এমডি মিটস’ পডকাস্টে দেওয়া সাক্ষাত্কারে তিনি এই মন্তব্য করেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনার প্রেক্ষাপটে কুশনারের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পুতিনের কাজের সমালোচনা বা সমর্থন যাই থাকুক না কেন, কুশনার মনে করেন তিনি নিঃসন্দেহে একজন সুশৃঙ্খল ও বিচক্ষণ রাজনীতিক। কুশনার জানান, বৈঠকে পুতিন সব সময় অত্যন্ত প্রস্তুতি নিয়ে আসেন, মনোযোগ দিয়ে শোনেন, বিস্তারিত নোট নেন এবং প্রতিটি বিষয়ে গভীর বোঝাপড়া রাখেন। কুশনার ও তার সহকর্মী দূত স্টিভ উইটকফের মূল্যায়ন অনুযায়ী, পুতিন কেবল যুদ্ধের অবসানই চান না, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের পরিবর্তন ঘটিয়ে একটি ‘নতুন সূচনা’ করতে আগ্রহী।
কুশনার দাবি করেন, পুতিন এখন পর্যন্ত যথেষ্ট সংযম দেখিয়েছেন এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন। তবে তিনি আরো স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা সত্ত্বেও পুতিন তাত্ক্ষণিক যুদ্ধবিরতিতে আগ্রহী নন। কুশনার জানান, ভূখণ্ডের মালিকানা বা আঞ্চলিক ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা বর্তমানে এক ধরনের অচলাবস্থায় পৌঁছেছে। পাশাপাশি তিনি ইউক্রেন যুদ্ধকে ইউরোপের একটি ‘প্রক্সি ওয়ার’ হিসেবে উল্লেখ করেন এবং যুদ্ধ বন্ধে ইউরোপের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই বলে মন্তব্য করেন। —সিএনএন