দেশের গ্রামীণ ও উপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রথম ধাপে ৬৪০ জন তরুণকে চূড়ান্তভাবে নির্বাচন করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। নির্বাচিত উদ্যোক্তারা জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে আরও ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান বা প্রণোদনাসহ সব মিলিয়ে সর্বোচ্চ ২০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।
কেন্দ্রীয় ব্যাংকের ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় দেশের আটটি জেলার ৬৪ উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জনকে বাছাই করা হয়েছে। প্রথম ধাপের এই আটটি জেলা হলো ভোলা, ফেনী, মানিকগঞ্জ, ঝিনাইদহ, নওগাঁ, হবিগঞ্জ, নেত্রকোনা ও রংপুর।
ঋণ ও অনুদান পাওয়ার শর্তাবলি
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত উদ্যোক্তারা কোনো জামানত ছাড়াই সহজ শর্তে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সিএসআর তহবিল থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান বা প্রণোদনা পাবেন। যোগ্যতা ও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে একজন উদ্যোক্তা ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে পাবেন।
তবে এই অর্থ অবশ্যই নির্ধারিত ব্যবসায়িক কাজে ব্যয় করতে হবে এবং ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধ করতে হবে। কোনো উদ্যোক্তা কর্মসূচির শর্ত ভঙ্গ করলে বা কিস্তি পরিশোধে ব্যর্থ হলে অনুদান হিসেবে পাওয়া অর্থও ঋণে রূপান্তরিত হবে এবং তা সরকারি নিয়ম অনুযায়ী আদায় করা হবে।
আবেদনের যোগ্যতা ও অগ্রাধিকার খাত
এই কর্মসূচিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হওয়া এবং বাস্তবায়নযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা থাকা বাধ্যতামূলক। তবে আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এতে আবেদন করতে পারবেন না।
কর্মসূচিতে কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য ও পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল, নবায়নযোগ্য জ্বালানি ও তথ্যপ্রযুক্তিভিত্তিক ব্যবসা অগ্রাধিকার পাবে। এর পাশাপাশি ই-কমার্স, অ্যাগ্রিটেক ও হেলথটেক খাতের উদ্যোক্তারাও এই সুযোগের আওতায় থাকবেন।
বাকি ৫৬ জেলার আবেদনের সুযোগ
প্রথম ধাপে আটটি জেলার ৬৪ উপজেলার উদ্যোক্তাদের নির্বাচন করা হলেও দেশের বাকি ৫৬টি জেলার তরুণদের জন্য আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল অথবা যেকোনো তফসিলি ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্রসহ পূরণ করা ফরম নিজ নিজ উপজেলার যেকোনো ব্যাংক শাখায় জমা দেওয়া যাবে এবং আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, উপজেলা পর্যায়ে সহজ শর্তে এমন অর্থায়ন নতুন ব্যবসা সৃষ্টি, স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।