রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত সাভাসলেইকা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। বুধবার এ হামলা পরিচালনা করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউক্রেনের সেনাপ্রধানের দপ্তর। এদিকে ইউক্রেন যুদ্ধ বিস্তৃত হয় এমন পদক্ষেপ এড়াতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটো প্রধান মার্ক রুটে।
ইউক্রেনের সেনাবাহিনী প্রধানের দপ্তরের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনীয় বাহিনীর হামলায় রুশ বিমান বাহিনীর তিনটি মিগ-৩১ এবং দুটি সু-৩৪ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। রুশ বিমান বাহিনী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য মিগ-৩১ সিরিজের বিমান এবং বোমা বর্ষণের জন্য সু-৩৪ সিরিজের বিমান ব্যবহার করে থাকে। তবে বিবৃতিতে বিমানঘাঁটিতে হামলার জন্য ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
রাশিয়ার পক্ষ থেকেও এখন পর্যন্ত এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলে অবস্থিত সাভাসলেইকা বিমানঘাঁটিটি ২০২২ সালে যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের লক্ষ্যবস্তু হয়ে আছে। এই ঘাঁটি থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং গ্লাইড বোমা নিক্ষেপের কাজে ব্যবহৃত বিমানগুলো পরিচালনা করে রুশ বিমান বাহিনী। বিশেষ করে মিগ-৩১ যুদ্ধবিমানগুলো উড্ডয়ন করলেই পুরো ইউক্রেন জুড়ে সতর্কবার্তা জারি করা হয়। কারণ, এগুলোতে থাকা কিনজাল ক্ষেপণাস্ত্রগুলো বড় ধরনের অবকাঠামো ও সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম এবং মিগের সিরিজের বিমানগুলোকে ভূপাতিত করা অত্যন্ত কঠিন।
বুধবার সাভাসলেইকা বিমানঘাঁটিতে হামলার পাশপাশি রাশিয়ার সামারা প্রদেশের দুটি তেল শোধনাগার এবং বর্তমানে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডের ভূখণ্ডে একটি রাডার সিস্টেম এবং জ্বালানি ও লজিস্টিক ডিপোতেও আঘাত হানার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। সামারা প্রদেশের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ তেল শোধানাগারে ইউক্রেনের হামলার তথ্য স্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, বুধবার রাতের এই হামলাটি ছিল একটি বড় অগ্নিপরীক্ষা। হামলার সময় দেড় শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেন এবং সেগুলোর মধ্যে ১৪৫টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ফেদোরিশচেভ জানান, বুধবারের হামলায় একজন নিহত এবং প্রদেশের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমা প্রতিরক্ষা জোট ন্যাটো প্রধান মার্ক রুটে এক যৌথ বিবৃতিতে বলেছেন, ইউক্রেন যুদ্ধের আরো বিস্তৃতি ঘটায় এমন পদক্ষেপ রাশিয়ার এড়িয়ে চলা উচিত। বুধবার ফ্লোরিডায় অনুষ্ঠিত এক বৈঠকের পর তারা এই বিবৃতি দেন। বৈঠকে তাদের মধ্যে ইরান যুদ্ধ নিয়েও আলোচনা হয়। ট্রাম্প গত সপ্তাহে এশিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন এবং তাদের প্রত্যেককে নিজের 'বন্ধু' বলে জাহির করেন। এরপর তিনি ন্যাটো মহাসচিবের সঙ্গেও বৈঠক করলেন।
এরপর যৌথ বিবৃতিতে ট্রাম্প ও রুটে বলেন, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়ায় এমন যে কোনো পদক্ষেপ রাশিয়ার এড়িয়ে চলার গুরুত্ব এবং যত দ্রুত সম্ভব এই যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধান অর্জনের প্রয়োজনীয়তা নিয়েও আমরা আলোচনা করেছি। পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাট এবং ইউরোপীয় মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ইউরোপীয় মিত্ররা ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন সমর্থিত আলোচনায় তাদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছে। ন্যাটোর ভেতরের উত্তেজনা প্রশমিত করতে এবং ট্রাম্পকে জোটে ধরে রাখার চেষ্টা চালিয়ে আসা রুটে বলেন, প্রধান পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের মধ্যে বৈঠক হওয়াটা একটা স্বাভাবিক বিষয়।
তাদের বিবৃতি অনুযায়ী, রুটে এবং ট্রাম্প যুক্তরাষ্ট্র ও সমগ্র নেটো জোট জুড়ে প্রতিরক্ষা ব্যয় এবং বিনিয়োগ বাড়ানোর বিষয়েও কথা বলেছেন। বিবৃতিতে আরো জানানো হয়, ইউক্রেন যুদ্ধ এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধই ছিল দুই নেতার আলোচনার মূল বিষয়। তবে ইরান প্রসঙ্গে ঠিক কি আলোচনা হয়েছে তা জানানো হয়নি। ট্রাম্পের সমালোচনার শিকার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শান্তি আলোচনায় ইউরোপকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। ট্রাম্প প্রায়ই ন্যাটোর ব্যয়, বাণিজ্য শুল্ক এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে মিত্রদের অপর্যাপ্ত সমর্থনের অভিযোগ তুলে ওয়াশিংটনের পশ্চিমা ও গণতান্ত্রিক মিত্রদের সমালোচনা করেন।