এক বছরের বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে মারা গেছেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা। তিনি নির্মাতা নুরুল আলম আতিকের স্ত্রী।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এরশাদুল হক টিংকু। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে চিকিৎসকেরা মৃত্যুর সংবাদ দেন। এর আগে গত শনিবার মাতিয়া বানুকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে তাকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়।
এক বছরেরও বেশি সময় আগে তার শরীরে ক্যান্সার শনাক্ত হয়। এরপর দীর্ঘদিন ধরে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
দুই দশকের বেশি সময় ধরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। তার কাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল মধ্যবিত্ত মানুষের জীবনযাপন ও সমাজের নানা বাস্তবতাকে গল্পের মাধ্যমে তুলে ধরা। নাটক রচনা ও পরিচালনায়ও তিনি রেখেছেন উল্লেখযোগ্য অবদান।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এ ছাড়া ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা এবং পরিচালনা করেছেন এই নির্মাতা।
শেষ বিদায় ও দাফনের সূচি জানিয়ে টিংকু বলেন, শুক্রবার ভোর ৬টায় মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নেওয়া হয়েছে। সেখানে সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাখা হবে। এরপর সকাল ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হবে। সেখানে জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। পরে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হবে।