ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠানরত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটের দ্বিতীয় দিনে নারীদের ট্রিপল জাম্প ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেট স্বপ্না খাতুন। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পঞ্চম প্রচেষ্টায় ১৩.২২ মিটার লাফিয়ে দ্বিতীয় স্থান পান তিনি। এটি স্বপ্না খাতুনের বাংলাদেশের নতুন জাতীয় রেকর্ড।
এর আগে প্রথম প্রচেষ্টায় ১২.৫০ মিটার, তৃতীয় প্রচেষ্টায় ১২.৭৯ মিটার এবং চতুর্থ প্রচেষ্টায় ১২.৮৯ মিটার দূরত্ব অতিক্রম করেন স্বপ্না। তবে তার দ্বিতীয় ও ষষ্ঠ প্রচেষ্টা ফাউল হিসেবে গণ্য করেন বিচারকরা। মাত্র ০.০২ মিটারের ব্যবধানে স্বর্ণপদক হাতছাড়া হয় স্বপ্নার। এই ইভেন্টে ভারতের সাধনা রবি নিজের শেষ অর্থাৎ ষষ্ঠ প্রচেষ্টায় ১৩.২৪ মিটার লাফিয়ে স্বর্ণপদক জয় করেন। আর ১২.৯৬ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক পেয়েছেন শ্রীলঙ্কার এল এস ডব্লিউ আরাচ্চি।
আগের দিন এই স্টেডিয়ামে বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকসের প্রথম দিনেই ১০০ মিটার স্প্রিন্টের নারী ফাইনালে সুমাইয়া দেওয়ান ব্রোঞ্জ পদক জিতেছেন। ফাইনালে ১২.২৪ সেকেন্ড সময় নেন তিনি। একই ইভেন্টে বাংলাদেশের আরেক অ্যাথলেট রেখা আখতার ১২.৩৪ সেকেন্ড সময় নিয়ে সপ্তম হয়েছেন।
১০০ মিটারে ১২.০২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন স্বাগতিক ভারতের অ্যাথলেট মিরিথিকা টি। এছাড়া ১২.০৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন শ্রীলঙ্কার কে রিসানসা হিরুপামা। বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিট আজ শেষ হবে।