বিপ্লব, আমিরুল ও রকি খেলবেন ওমানের টুর্নামেন্টে

ওমানে হকি টুর্নামেন্ট হতে যাচ্ছে। ৫৬তম হিজ ম্যাজেস্টিস হকি কাপ। এই টুর্নামেন্টে শক্তিশালী দল গড়তে ওমানের আল ইত্তিহাদ হকি ক্লাবে খেলার আমন্ত্রণ পেয়েছেন জাতীয় হকি দলের তিন খেলোয়াড় গোলরক্ষক বিপ্লব কুজুর, পিসি স্পেশালিষ্ট আমিরুল ইসলাম ও আক্রমণভাগের দ্রুতগতির রাকিবুল ইসলাম রকি। 

আগামী ৮ থেকে ২৩ ডিসেম্বর ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। তিন বাংলাদেশি খেলোয়াড়কে দলে পেতে বাংলাদেশ হকি ফেডারেশনের কাছে অনুমতি ও ছাড়পত্র চেয়েছে আল ইত্তিহাদ হকি ক্লাব।

২২ নভেম্বর পাঠানো চিঠিতে ক্লাবটির সাধারণ সম্পাদক কাইস বিন গানিম আল-মারহুন তিন খেলোয়াড়কে আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে ফেডারেশনের সহযোগিতা চেয়েছেন। খেলোয়াড়দের ওমানে অবস্থানকালীন যাতায়াতের বিমান টিকিট, আবাসন ও খাবারের ব্যবস্থা করবে আল ইত্তিহাদ হকি ক্লাব। 

প্রস্তাব অনুযায়ী, ৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত তারা ক্লাবটির হয়ে খেলবেন। বাংলাদেশি তিন খেলোয়াড়ের জন্য এটি দেশের বাইরে ক্লাব হকিতে নিজেদের সামর্থ্য তুলে ধরার সুযোগ। তবে তাদের ওমানে খেলতে যাওয়া নির্ভর করছে ফেডারেশনের অনুমতি ও ছাড়পত্র পাওয়ার ওপর। ফেডারেশনেও তিন খেলোয়াড়কে খেলতে যেতে দিতে রাজি।