ফেসবুকে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ প্রকাশ করে বিএনপির দলীয় পদ ছাড়ার দুই দিন পর গ্রেপ্তার হয়েছেন বোরহান মাহমুদ। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। চেক প্রতারণার একটি মামলায় এক বছর কারাদণ্ডের রায় হওয়ার প্রায় চার বছর পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করে পুলিশ। বোয়ালমারী থানা-পুলিশের একটি দল মধুখালী থানা-পুলিশের সহযোগিতায় এ অভিযান চালায়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার জয়ানগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান।
বোরহান মাহমুদ ২০২২ সালের ৯ সেপ্টেম্বর ফরিদপুর আদালতে করা চেক প্রতারণার একটি মামলায় এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। মামলাটি দায়ের হয়েছিল ২০১৮ সালে। তবে সাজা হওয়ার পরও তিনি প্রকাশ্যে চলাফেরা করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সংযুক্ত করে পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন বোরহান। সেখানে তিনি লেখেন, ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে।’
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বোরহান।
দলীয় পদ ছাড়ার কারণ ব্যাখ্যা করে বোরহান জানিয়েছিলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দাদপুর ইউনিয়নের বহিষ্কৃত সহসভাপতি এবং স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক ও অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা তাকে ‘মবকারী’ বলে আখ্যা দেন। এ ঘটনার প্রতিবাদেই তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বোরহান। বুধবার দিবাগত রাত ২টা ৫২ মিনিটে নিজের ভাড়া বাসা থেকে প্রকাশ করা প্রায় এক মিনিটের ওই ভিডিওতে তিনি দাবি করেন, খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে একটি মামলায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী ও অসুস্থ মা থাকা সত্ত্বেও পুলিশ পাঠানোকে তিনি হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেন।
একই ভিডিওতে কারাগার থেকে মুক্ত হওয়ার পর খন্দকার নাসিরুল ইসলামের একক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি ফরিদপুর-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও জানান।
অন্যদিকে বোরহানের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, তিন থেকে চার মাস আগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দুই যুবককে আটকে রেখে তাদের মোটরসাইকেল জব্দ করেছিলেন বোরহান। পরে বিকাশের মাধ্যমে তাদের কাছ থেকে ৮৫ হাজার টাকা নেওয়া হয়।
সঞ্জয় সাহার অভিযোগ, সম্প্রতি সাতৈর ইউনিয়নের কানখরদির একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বোরহান। টাকা না দিলে ইটভাটাটি বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এ ছাড়া কোন্দারদিয়া বাজারের একটি কার্যালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামের ছবি সরিয়ে ফেলার অভিযোগও করেন তিনি।
সঞ্জয় সাহা আরও দাবি করেন, গত রোববার ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে বোর্ড অফিসে আটকে রেখে গাড়ি কেনার কথা বলে তার কাছে এক লাখ টাকা দাবি করেছিলেন বোরহান।
এদিকে বোরহানের সাম্প্রতিক কর্মকাণ্ড থেকে নিজের অবস্থান আলাদা করেছেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, বোরহান কিছুদিন তার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। তবে সম্প্রতি বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার বিষয়টি সামনে আসায় তাকে নিজের সঙ্গে কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছিল।