কুমিল্লায় জেলা পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্যসহ মোট ৪৯৬ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানিযেছে, অপরাধের সম্পৃক্ততা ও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের মধ্যে ৩২৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাকি ১৬৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নাশকতা প্রতিরোধের পাশাপাশি কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, ছিনতাইকারী, ডাকাতসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
কুমিল্লাকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর।