বাবার সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, কোদালের কোপে প্রাণ গেল বড় ভাইয়ের

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমির আইল নির্মাণ নিয়ে কথা কাটাকাটির জেরে আপন ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেনের(৬৭) মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালিবাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছোট ভাই নবীনুর রহমানকে (৫৫) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

নিহত দেলোয়ার হোসেন ও অভিযুক্ত নবীনুর রহমান ওই গ্রামের মৃত জামতুল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দেলোয়ার হোসেন ছোট ভাই নবীনুরের জমির মাটি কেটে আইল বাঁধছিলেন। এ সময় নবীনুর সেখানে গিয়ে তাকে আইল কাটতে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি  শুরু হয়। তর্কের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই নবীনুর কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ারের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে নবীনুরকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারের মরদেহ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল ও একটি হাঁসুয়া জব্দ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমির আইল বাঁধা নিয়ে  বিরোধে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কোদাল ও হাঁসুয়া জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানান ওসি ।