বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 

তিনি বলেন, ‘দলের মধ্যে দুই-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিস্যাৎ হতে দেওয়া যাবে না। দুই-একজন মাদক কারবারির জন্য শহীদ জিয়ার আদর্শে গড়া দল নস্যাৎ হতে দেওয়া যায় না।’ 

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, ‘মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চোখ-কান বন্ধ করে কাজ করতে হবে। আপনারা আইন মেনে স্বাধীনভাবে  মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কাজ করবেন।’

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘দুই-একজন মাদক কারবারি-চাঁদাবাজ বিএনপির নাম ভাঙিয়ে চলছে। এরা দলের কঠিন সময়ে পাশে থাকবে না। আওয়ামী লীগের সঙ্গে দুই-একজন এখনও গোপনে আঁতাত করছে। আওয়ামী লীগকে তারা গোপনে শেল্টার দিচ্ছে। বিগত ১৭ বছরে এই চক্রটি আওয়ামী লীগের সঙ্গেই মিলেমিশে ছিল। এ ধরনের কাউকে বিএনপিতে দরকার নেই।’

পরে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৯৫ লাখ ৬০ হাজার চেক বিতরণ করেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।