নওগাঁর মান্দা উপজেলার ১৬ বছরের কিশোর সিয়াম— এই বয়সে খেলাধুলা, আড্ডা আর পড়াশোনায় দিন কাটানোর কথা ছিল তার। কিন্তু অনটনের সংসারের দায়িত্ব কাঁধে আসতেই হাতে তুলে নেয় ভ্যানগাড়ি। সেই ভ্যানগাড়িতেই ঘুরতো সিয়ামের জীবিকার চাকা। কিন্তু নিয়তির নির্মম পরিহাস! ভ্যানগাড়িটি নিয়ে ঘর থেকে বেরিয়ে আর ফেরেনি সিয়াম। পরদিন বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার দুডাঙ্গী-কালিগ্রাম এলাকার একটি বাঁশঝাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত ভ্যানগাড়ি ও মোবাইল ফোনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিহত সিয়াম উপজেলার চকউমেদ গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম পেশায় একজন ভ্যানচালক। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে প্রতিদিনের মতো ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয় সিয়াম। এরপর সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে দুডাঙ্গী-কালিগ্রাম গ্রামের বাঁশঝাড়ে সিয়ামের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক নারী। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান। সর্বশেষ খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা সিয়ামকে হত্যা করে তার ভ্যানগাড়ি ও মোবাইল ফোন নিয়ে গেছে। তবে মরদেহে দৃশ্যমান ও উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মান্দা থানার ওসি আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।