ফিলিস্তিনি বন্দীদের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ে নির্যাতনকে বৈধতা দিয়েছে ইসরায়েল। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের জিজ্ঞাসাবাদে নির্যাতন এখন নিয়মিত পদ্ধতিতে পরিণত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের নির্যাতনবিরোধী সংগঠন পাবলিক কমিটি অ্যাগেইনস্ট টর্চার ইন ইসরায়েল (পিসিএটিআই)।
ইসরায়েলের নির্যাতনবিরোধী সংগঠন পিসিএটিআই গত এক দশকে শিন বেতের জিজ্ঞাসাবাদকারীদের বিরুদ্ধে করা ৪২টি অভিযোগ পর্যালোচনা করেছে।
এতে দেখা গেছে, অভিযোগকারীদের তিন-চতুর্থাংশের বেশি নির্যাতন বা অন্য বেআইনি পদ্ধতির শিকার হওয়ার পর স্বীকারোক্তি দিয়েছেন। তাদের মধ্যে প্রতি ১০ জনে একজন নির্যাতনের মুখে অন্য ব্যক্তিদের বিরুদ্ধেও অভিযোগ করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় ফিলিস্তিনি বন্দীদের দীর্ঘ সময় ঘুমাতে দেওয়া হয় না। তাদের চড়-লাথি মারা, হুমকি দেওয়া ও যৌন নির্যাতনের মতো ঘটনাও প্রায়ই ঘটে। পাশাপাশি, দীর্ঘক্ষণ অস্বাভাবিক শারীরিক ভঙ্গিতে আটকে রেখেও তাদের ওপর নির্যাতন চালানো হয়। এসব ঘটনার কিছু তথ্য শিন বেতের সরকারি নথিতেও পাওয়া গেছে।
এমন নির্যাতনের একটি ঘটনা তুলে ধরেছে পিসিএটিআই। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এক ফিলিস্তিনি আইনজীবীকে গ্রেপ্তারের পর টানা ২৭ দিন ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তাকে ৫৫২ ঘণ্টার বেশি প্রশ্ন করা হয়েছিল। দিনে গড়ে ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে। একবার ওই আইনজীবীকে টানা প্রায় ৪৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নির্যাতনের মাধ্যমে আদায় করা তথ্যের ভিত্তিতে তাকে গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
অথচ ১৯৯৯ সালে জিজ্ঞাসাবাদের সময় ইচ্ছাকৃতভাবে কাউকে ঘুমাতে না দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট।
এদিকে, পিসিএটিআই জানায়, ২০০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিন বেতের জিজ্ঞাসাবাদ নিয়ে ১ হাজার ৬৮০টির বেশি নির্যাতনের অভিযোগ জমা পড়ে। তবে, এত অভিযোগ জমা পড়লেও একটির ভিত্তিতেও কাউকে বিচারের মুখোমুখি করা হয়নি।
সংগঠনটির নির্বাহী পরিচালক সারি বাশি বলেন, ফিলিস্তিনি বন্দীদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য ইসরায়েলের আইনি ব্যবস্থায় নির্যাতনকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হচ্ছে। স্বীকারোক্তিতে দেওয়া তথ্য সত্য কি না, তা বিবেচনায়ও নেওয়া হচ্ছে না।
সংগঠনটির নির্বাহী পরিচালক সারি বাশি বলেন, ফিলিস্তিনি বন্দীদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য ইসরায়েলের আইনি ব্যবস্থায় নির্যাতনের সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ, জিজ্ঞাসাবাদের সময় নির্দিষ্ট পরিস্থিতিতে নির্যাতন চালানোর অনুমতি দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে নির্যাতনের মাধ্যমে আদায় করা স্বীকারোক্তিতে দেওয়া তথ্য সত্য কি না, সেটিও গুরুত্ব পাচ্ছে না।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদে স্বাক্ষর করলেও নির্যাতনের সুযোগ রেখেছে। কোনো জিজ্ঞাসাবাদে নির্যাতনকে ‘প্রয়োজনীয়’ মনে করলে শিন বেতের কর্মকর্তারা ঊর্ধ্বতনদের অনুমতি নিয়ে তা চালাতে পারেন।
এদিকে, গত মার্চে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে একটি আইন পাস হয়েছে। এতে প্রাণঘাতী হামলায় সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। তবে, একই ধরনের অপরাধে জড়িত ইহুদি ইসরায়েলিদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না বলে বলা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক সতর্ক করে বলেছেন, আইনটি কার্যকর হলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।
পিসিএটিআইয়ের আশঙ্কা, নির্যাতনের মাধ্যমে আদায় করা স্বীকারোক্তির ভিত্তিতে মৃত্যুদণ্ড দেওয়া হলে বিচারব্যবস্থায় গুরুতর ভুলের ঝুঁকি তৈরি হবে। সংগঠনটি আরও জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরের পর ইসরায়েলি কারাগারে বন্দীদের ওপর নির্যাতন ব্যাপকভাবে বেড়েছে।
এসময় মারধর, কুকুর দিয়ে আক্রমণ, বৈদ্যুতিক শক, হুমকি ও ধর্ষণের মতো ঘটনার তথ্য নথিভুক্ত করেছে মানবাধিকার সংগঠনগুলো। ওই সময়ের পর থেকে ইসরায়েলের হেফাজতে অন্তত ১০৩ জন ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান