নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম নগরের এক নেতা ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ লিখে মিছিলের ঘোষণা দেওয়ার ২০ মিনিটের মধ্যে নগরের ব্যস্ত সড়কে সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হন। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন তারা।
এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ২০ জনকে আটক করে। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা দুইটার দিকে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম নগর শাখার যুগ্ম আহ্বায়ক পরিচয় দেওয়া ইসতেকবার হোসাইন আজ বেলা ১টা ৪০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের ঘোষণা দিয়ে পোস্ট দেন।
পোস্টে তিনি লেখেন, ‘কিছুক্ষণের মধ্যে বীর চট্টলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মিছিল হবে, পারলে ঠেকাইস।’
সেই পোস্ট দেওয়ার ২০ মিনিট পর অর্থাৎ বেলা দুইটার দিকে জুমার নামাজের পর সিনেমা প্যালেস এলাকায় জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা।
একপর্যায়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন তারা। এ সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। পাশাপাশি যুবদলের কিছু নেতাকর্মীও সেখানে জড়ো হওয়া ছাত্রলীগের নেতা–কর্মীদের ধাওয়া করেন। পরে আশপাশের বিভিন্ন গলি ও এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে পুলিশ।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা ছাত্রলীগের নেতাকর্মী। মিছিলের ঘোষণা দেওয়া ইসতেকবার হোসাইন পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের ছবিও পোস্ট করেন।
এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান বলেন, জুমার নামাজের পর নাশকতার আশঙ্কায় পুলিশ আগে থেকেই বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে ছিল। এ সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ২০ জনকে আটক করা হয়।
এর আগে, গতকাল রাত ১০টার দিকে কোতোয়ালি থানার শাহ আমানত (রা.) মাজার থেকে ককটেলসদৃশ বস্তুসহ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- নগরের চান্দগাঁও থানা ছাত্রলীগের কর্মী আবদুল্লাহ আল মাইন ও পাঁচলাইশ থানা ছাত্রলীগের কর্মী আশরাফুল ইসলাম।
পুলিশ জানায়, নাশকতার উদ্দেশ্যে তারা ককটেলসদৃশ বস্তু নিয়ে মাজারের ভেতরে অবস্থান করছিলেন। মাজারের পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অবস্থিত।