সাভার-আশুলিয়ায় ছুটির দিনে খোলা শতাধিক কারখানা

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের কারণে গত কয়েক দিন ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কিছু কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে এবং নির্ধারিত সময়ে রপ্তানি আদেশের পণ্য সরবরাহ নিশ্চিত করতে সাপ্তাহিক ছুটির দিনেও ১১৮টি পোশাক কারখানায় উৎপাদন চালু রেখেছিল কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ নভেম্বর) কারখানা চালু করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় শুক্রবার সাভার-আশুলিয়ার ১১৮টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত ছিল। এসব কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়।

কয়েকটি কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে সৃষ্ট উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে এবং নির্ধারিত সময়ে রপ্তানি আদেশের পণ্য জাহাজীকরণ নিশ্চিত করতে মালিকপক্ষ কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয়।

এর আগে গত শুক্রবারও উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে সাভার ও আশুলিয়ার ১২৬টি পোশাক কারখানা খোলা রেখেছিল মালিকপক্ষ।