এবার ঘোষণা দিয়ে সড়ক অবরোধ করলেন চুয়েটের শিক্ষার্থীরা 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে টানা দুই মাসের প্রশাসনিক অচলাবস্থা ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে এবার চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। টানা দুই মাস ধরে চলে আসা এই সংকট নিরসনে দাবিতে শিক্ষার্থীরা ইতোপূর্বে মানববন্ধন, গণস্বাক্ষর, স্মারকলিপি, খোলা চিঠিসহ নানা কর্মসূচি পালন করলেও এবার প্রথমবারের ক্যাম্পাসের বাইরে গিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে শিক্ষার্থীরা মিছিলসহকারে ক্যাম্পাস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে অবস্থান নেন। ফলে এতে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়।

অন্যদিকে, জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচির বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের মধ্য থেকে নতুন উপাচার্য নিয়োগের দাবিতে রোববার মৌন মিছিলের ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি।

এদিকে শুক্রবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ চলাকালে পশ্চিমে পাহাড়তলী চৌমুহনী বাজার এবং পূর্বে চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। এর আগে বৃহস্পতিবার রাতে শুক্রবার জুমার পর অর্ধবেলা অবরোধের ঘোষণা দিলেও সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে শিক্ষকদের আবাসিক এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। তবে এই অবরোধের কারণে রাত ৮টা পর্যন্ত পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় যানজটের রেশ ছিল।

আন্দোলনরত নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আবির বলেন, অনেকে বলতে চাইছেন, আমাদের এই আন্দোলন সরকারবিরোধী। কিন্তু আমরা দীর্ঘ ৭০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা এই উপাচার্যকে মানি না। তিনি ক্যাম্পাসে প্রবেশ করেছেন খুনি ফ্যাসিস্টের দোসর ও নিষিদ্ধ ছাত্রলীগকে সঙ্গে নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, আমরা সহিংসতা চাই না। আপনারা দ্রুত এই সংকটের সমাধান করুন।

তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনায় আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। এ কারণেই আন্দোলনের এতদিন পার হলেও আমরা সড়ক অবরোধ করিনি কিংবা কোনো অস্থিতিশীল কর্মকাণ্ডে অংশ নেইনি। সরকার বিরোধী কোনো কর্মসূচিও আমরা দেইনি। আমরা আরও স্পষ্ট করে বলতে চাই, কোনো ধরনের হুমকির মুখে আন্দোলন বন্ধ করব না। এই সংকটের সমাধান একটাই, অধ্যাপক শরীফুল আলমকে আমরা উপাচার্য হিসেবে চাই না। তার পরিবর্তে অন্য একজন উপাচার্য নিয়োগ দিতে হবে। অন্যথায় এই সংকটের সমাধান সম্ভব নয়।

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাকিবুর রাজ্জাক প্রান্ত বলেন, আমরা এখনও পূর্ণ শক্তি নিয়ে আন্দোলন করিনি। আমরা বারবার সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাছে জবাব চেয়েছি এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গেছি। ২৪-পরবর্তী সময়ে যৌক্তিক আন্দোলনকে এভাবে দেখা হবে, তা কখনও ভাবিনি। সরকারকে বলতে চাই, আপনারা দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে ক্ষমতায় এসেছেন। আন্দোলনের কষ্ট আপনারা ভালো করেই বোঝেন। তাই আমাদের ছোট করে দেখবেন না।

এদিকে, শুক্রবার সকালে চুয়েট শিক্ষক সমিতির জরুরি সভায় সংকট নিরসনে অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য নিয়োগের দাবি জানানো হয়।

সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ দাবিতে রোববার সকাল ১১টায় প্রশাসনিক ভবন-২-এর সামনে থেকে মৌন মিছিল করা হবে। তবে জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচিতে শিক্ষক সমিতির সমর্থন নেই বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়। 

একইভাবে সড়ক অবরোধের তীব্র বিরোধিতা করে চুয়েট ছাত্রদল সভাপতি ওয়াসিফ রাশেদ ইত্তেফাক ডিজিটালকে বলেন, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, যার ফলে সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রশাসনিক বিষয়ের কারণে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন বা প্রশাসনিক সিদ্ধান্তের মতো বিষয়গুলো রাষ্ট্রের প্রচলিত আইন, বিধিবিধান ও যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে সমাধান হবে। কোনো পক্ষের চাপ সৃষ্টি কিংবা সড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ তৈরি করে প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা গ্রহণযোগ্য হতে পারে না। চুয়েট ছাত্রদল সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে এমন যেকোনো কর্মসূচির তীব্র বিরোধিতা করছি।আমাদের অবস্থান পরিষ্কার চুয়েটে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, প্রশাসনিক স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে হবে। বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে নয়; এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর থেকেই চুয়েটে অচলাবস্থার সূত্রপাত। ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে শাটডাউন শুরু করেন। মাঝে ৩৬ দিন বন্ধ থাকার পর ২৮ অক্টোবর আংশিক অ্যাকাডেমিক কার্যক্রম চালু হলেও সংকট কাটেনি। সর্বশেষ গত বৃহস্পতিবার থেকে সংকট নিরসন না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দীর্ঘ এই প্রাতিষ্ঠানিক স্থবিরতায় চুয়েটের শিক্ষা, গবেষণা, পরীক্ষা ও ভর্তি কার্যক্রম চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।