ন্যয়ারের স্ত্রীর রহস্যময় পোস্ট

‘গর্ভবতী মহিলার সঙ্গে প্রতারণা করা শয়তানির অন্য মাত্রা’

ব্যক্তিগত জীবন ঘিরে জল্পনা-কল্পনার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ম্যানুয়েল ন্যয়ার। বায়ার্ন মিউনিখের এই গোলকিপারের সঙ্গে স্ত্রী ও সাবেক হ্যান্ডবল খেলোয়াড় আনিকা ন্যয়ারের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আনিকার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্ট। সেখানে অবিশ্বস্ততা, গর্ভাবস্থায় প্রতারণা এবং অন্য একজনকে বেছে নেওয়ার প্রসঙ্গ তুলেছেন তিনি।

আনিকা এক রহস্যময় পোস্টে লিখেন, ‘একজন গর্ভবতী মহিলার সঙ্গে প্রতারণা করা শয়তানির অন্য মাত্রা। ভাবুন তো, যে মহিলা আপনার সন্তানকে গর্ভে ধারণ করছে, তার শরীরের পরিবর্তন দেখছেন, তাকে কষ্ট পেতে দেখছেন, ক্লান্ত হতে দেখছেন এবং গর্ভাবস্থার সাথে আসা সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতে দেখছেন, আর তারপরেও তার অজান্তে তার সাথে বিশ্বাসঘাতকতা করার মতো ধৃষ্টতা আপনার আছে।’

আনিকা আরও লিখেছেন, ‘সে তোমার সন্তান গর্ভে ধারণ করছে, আর তুমি বাইরে অন্য কারো সাথে সময় কাটাচ্ছ। যে নারীর ভালোবাসা, সুরক্ষা এবং সমর্থন পাওয়ার কথা, তার পরিবর্তে তোমার তৈরি যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। এটা কোনো ‘ভুল’ নয়। এটা একটা সিদ্ধান্ত। একটা স্বার্থপর, হৃদয়হীন, অসম্মানজনক সিদ্ধান্ত। যে নারী তোমার নিজের সন্তান গর্ভে ধারণ করছে, তার সাথে যদি তুমি বিশ্বাসঘাতকতা করতে পারো, বিশেষ করে যখন তার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন, তাহলে তোমার শুধু আনুগত্যেরই অভাব নেই, তোমার মধ্যে ন্যূনতম শালীনতা এবং শ্রদ্ধাবোধেরও অভাব রয়েছে। জঘন্য।’

যদিও কোনো পোস্টেই নয়্যারের নাম উল্লেখ করেননি বা সরাসরি পরকীয়ার অভিযোগ তোলেননি আনিকা, তবে বার্তাগুলোর ভাষা এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ মিলিয়ে জার্মান সংবাদমাধ্যমের ধারণা, দাম্পত্য সম্পর্ক ভাঙার যন্ত্রণাই তুলে ধরেছেন তিনি। গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয় যে, দ্বিতীয় সন্তানের জন্মের পর ৪০ বছর বয়সী ন্যয়ার এবং আনিকা আলাদা হয়ে গেছেন।

কী ঘটেছে নয়্যারের সংসারে? জার্মান সংবাদমাধ্যম বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ন্যয়ারকে ব্রাজিলে ২৩ বছর বয়সী এক নারীর সঙ্গে দেখা গেছে। তিনি নয়্যারের ফিজিওথেরাপিস্ট। তবে দুজনের সম্পর্ক পেশাগত গণ্ডি পেরিয়েছে আরও আগে। বায়ার্ন মিউনিখের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিল্ড জানিয়েছে, কয়েক মাস ধরেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা।

গত সেপ্টেম্বরের শেষ দিকে ইতালির সিসিলি দ্বীপেও একসঙ্গে সময় কাটিয়েছেন তারা। এরপর ১৫ নভেম্বর ব্রাজিল যান দুজন। সেখানে একটি বিলাসবহুল রিসোর্টের একই স্যুইটে ছিলেন বলে জানিয়েছে বিল্ড। রিও ডি জেনিরোর উত্তর-পূর্বে উপকূলীয় শহর বুজিওসে তাদের একসঙ্গে থাকার ভিডিও–ও প্রকাশিত হয়েছে।

এই সফরের সময়টাই আলোচনাকে আরও উসকে দিয়েছে। কারণ, আগস্টের শেষ দিকে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন আনিকা। বিল্ডের দাবি, সন্তান জন্মের কয়েক দিন পরই স্ত্রীকে বিয়ের সম্পর্ক শেষ করার কথা জানান নয়্যার। আনিকা আগেই ওই তরুণীর সঙ্গে নয়্যারের ঘনিষ্ঠতার বিষয়টি জানতেন বলেও দাবি সংবাদমাধ্যমটির। তবে জার্মান সম্প্রচারমাধ্যম আরটিএলের তথ্য অনুযায়ী, তাঁদের বিচ্ছেদ হয়েছে আরও আগে, অক্টোবরের শুরুতে। নয়্যার তখন পারিবারিক বাড়ি ছেড়ে চলে যান। দুই সন্তানকে নিয়ে সেখানে থেকে যান আনিকা।

গত ১৩ নভেম্বর জার্মান সংবাদমাধ্যম প্রথম তাদের বিচ্ছেদের খবর প্রকাশ করে। বিল্ডের সূত্রের দাবি, নয়্যারের এমন সিদ্ধান্তে তার বন্ধুমহল ও আনিকার পরিবার বিস্মিত এবং ক্ষুব্ধ। বর্তমানে আনিকার সবচেয়ে বড় অগ্রাধিকার দুই সন্তানের সুস্থতা ও ভালো থাকা।

নয়্যার ও আনিকার সম্পর্ক প্রায় ছয় বছরের। ২০২৩ সালের ১২ নভেম্বর ছোট পরিসরে আইনি বিয়ে করেন তারা। তাদের প্রথম সন্তান লুকার জন্ম ২০২৪ সালের ১৪ মার্চ। দ্বিতীয় সন্তানের জন্ম গত আগস্টের শেষ দিকে।