রাজশাহী অঞ্চলে বাড়ছে অবৈধ বিদেশি পিস্তল, রিভলবার, ম্যাগাজিন ও গুলি পরিবহন। স্থল সীমান্তপথে আসা এসব আগ্নেয়াস্ত্র বিভিন্ন মাধ্যমে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। গত এক সপ্তায় তিনটি অভিযানে ছয়টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অতি সম্প্রতি রাজশাহী বিমানবন্দরের ফটকে পরিত্যক্ত উদ্ধার হয়েছে দুটি গ্রেনেড।
অসমর্থিত সূত্রগুলো বলছে, বৃহত্তর রাজশাহী অঞ্চল দীর্ঘদিন ধরে বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহূত হচ্ছে। আগ্নেয়াস্ত্র ও মাদকের যেসব চালান আইনশৃঙ্খলা বাহিনীর অভিযোনে ধরা পড়ে সেগুলো মোট চালানের একটি ক্ষদ্র অংশ বলে ধারণা সূত্রের। অনেক সময় এসব অস্ত্রের বাহকেরা আটক হলেও অস্ত্রের উত্স এবং প্রকৃত কারবারি শনাক্ত হয় না। সূত্র মতে, স্থলপথে আসা বিদেশি ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র সার্বিক নিরাপত্তায় উদ্বেগ তৈরি হয়েছে। এসব আগ্নেয়াস্ত্রের বিষয়ে পুলিশি তদন্তে গন্তব্য হিসেবে খুলনা ও কুষ্টিয়ার নাম এসেছে। দেশের অন্যান্য এলাকায় অস্ত্র সরবরাহের শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র জানায়, রাজশাহী অঞ্চলে এসআরবি, পুলিশ ও বিজিবির অভিযানে সাম্প্রতিক ছয় মাসে অন্তত ২৮টি বিদেশি অস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার হয়েছে। এর মধ্যে এসআরবি-৫ এককভাবে উদ্ধার করেছে ১৭টি অস্ত্র ও ১৬ কেজি গানপাউডার। রাজশাহী জেলা পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ছয়টি বিদেশি পিস্তল ও গুলি। বিজিবি পাঁচটি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সূত্র মতে, উদ্ধার অস্ত্র দেখতে অত্যাধুনিক সেমি-অটোমেটিক পিস্তলের মতোই।
গত ২০ নভেম্বর রাতে গোদাগাড়ীর সরাইলে চেকপোস্ট বসিয়ে অটোরিকশার যাত্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শাহীন ও পিংকিকে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করে পুলিশ। তারা পুলিশকে জানায়, অস্ত্র দুটি খুলনায় পৌঁছানোর কথা ছিল। তবে তাদের অস্ত্রের গ্রাহকের নামঠিকানা জানানো হয়নি। তারা খুলনায় পৌঁছার পর নির্দেশনা দেওয়ার কথা ছিল। এ বিষয়ে রাজশাহীর পুলিশ সুপার মামুন অর রশিদ জানান, ‘অস্ত্রের বাহকদের গন্তব্যে পৌঁছানোর পর যোগাযোগের নির্দেশনা ছিল। অস্ত্র দুটি ভারত থেকে বেআইনি কাজে ব্যবহার করতে আনা হয়।’
গত ১৬ নভেম্বর সিটিহাট বাইপাস সড়কে চট্টগ্রামের বাস তল্লাশি করে একই ধরনের দুটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে এসআরবি-৫। ২৩ নভেম্বর এসআরবি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আটক দুই জনের বাড়ি তল্লাশি করে একই ধরনের আরো দুটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে। অস্ত্র উদ্ধারের ঘটনা বিশ্লেষণে দেখা যায়, সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন অস্ত্র পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহূত হচ্ছে। কখনো পদ্মার চর কিংবা নির্জন এলাকায় অস্ত্র লুকিয়ে রাখা হচ্ছে। পরে সুযোগ বুঝে সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।
এসআরবি-৫, রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল ফয়সাল ইশতিয়াক পৃষ্ঠা ২ কলাম ২
বিদেশি আগ্নেয়াস্ত্রের
১৬ পৃষ্ঠার পর
বলেন, ‘মেইড ইন ইউএসএ লেখা অস্ত্রগুলো যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই এসেছে, তা নিশ্চিত নয়। প্রতিবেশী দেশ থেকেও এসব অস্ত্র সংগ্রহের সুযোগ রয়েছে। একমাত্র ব্যালিস্টিক পরীক্ষায় অস্ত্রগুলোর ব্যবহার ও অন্য বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।’ তিনি বলেন, ‘অবৈধ অস্ত্রের উত্স বা উত্পাদনকারী দেশ যেটিই হোক, সেগুলোর অনুপ্রবেশ বন্ধই আমাদের লক্ষ্য।’