সব বন্ধুত্বই যে স্কুল, কলেজ বা এলাকায় গড়ে ওঠে, তেমনটা কিন্তু নয়। বিহারের বাহুবলী নেতা তথা মোকামার বিধায়ক অনন্ত সিংহের মেয়ের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে এমনই একজন বন্ধু ছিলেন, যার সঙ্গে অনন্তের পরিচয় হয়েছিল কারাগারের ভেতরে। ঐ ব্যক্তি দাবি করেছেন, তিনি বিয়েবাড়িতে ১০টি বন্দুক এবং ৫০০ রাউন্ড গুলি নিয়ে হাজির হয়েছিলেন! তার নামে ৩২টি ফৌজদারি মামলা রয়েছে। আর অন্তত নিজেও ২৮ হত্যার মামলার আসামি।
বুধবার বিহারের পাটনা জেলার নাদওয়ান গ্রামে, যা বহিষ্কৃত জেডি (ইউ) বিধায়ক অনন্তের পৈতৃক গ্রাম, সেখানে তার কনিষ্ঠ কন্যা শিবাঙ্গী সিংহের বিয়ের আসর বসেছিল। সেই রাজকীয় বিয়ের বিবিধ ঘটনার হাজার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সেই বিয়েবাড়ি থেকে বিধায়কের ঐ ‘জেলবন্ধু’র ভিডিও প্রকাশ্যে এসেছে। অনন্ত-কন্যার বিয়েতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী লালন সিংহ, বিজেপির সাবেক এমপি ব্রিজভূষণ শরণ সিংহ, সাবেক এমপি সাধু যাদব, বিজেপি নেতা রামকৃপাল যাদব এবং বিহার বিধানসভার স্পিকার প্রেম কুমারসহ আরো অনেকে। অনন্ত এই বিয়ের জন্য সবার উদ্দেশে উন্মুক্ত আমন্ত্রণ জানিয়েছিলেন।
সম্ভবিহারের বাহুবলী নেতা অনন্তের কন্যা শিবাঙ্গীর বিয়ে হয়েছে আমেরিকায় বসবাসরত হূষীকেশ কুমারের সঙ্গে। এমবিএ ডিগ্রিধারী হূষীকেশ সিআরপিএফ কমান্ড্যান্ট রণবিজয় কুমার সিংহের পুত্র। তার বাড়ি পশ্চিম পাটনা জেলার বিহতা এলাকার কৃষ্ণনগর গ্রামে। বিহারের বাহুবলী নেতা তথা বিধায়ক অনন্ত সিংহের মেয়ের বিয়ে তার বিশাল আয়োজন, বিপুল জনসমাগম এবং ব্যতিক্রমী সব উত্সবের কারণে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে।
মেয়ের বিয়েতে রাজকীয় আয়োজন করেছিলেন অনন্ত। আর সে কারণে দেশ জুড়ে হইচই পড়েছে। কারণ, বড় বড় তারকাও এভাবে বিয়ের আয়োজন করতে পারেন না। নাদওয়ান গ্রামে কয়েক একর জুড়ে সাজিয়ে তোলা হয়েছিল বিয়ের বিস্তৃৃৃত অনুষ্ঠানস্থল। বিদেশ থেকে আনা হয়েছিল ফুল। বিয়েবাড়ি সাজানোর জন্য কর্মীদের উত্তরপ্রদেশ থেকে মোকামায় নিয়ে যাওয়া হয়েছিল। অতিথিদের তালিকাও ছিল দীর্ঘ। ভিআইপি অতিথিদের জন্য ব্যবস্থা ছিল হেলিপ্যাডেরও।
জানা গেছে, অনন্ত তার জামাতা হূষীকেশ কুমারকে উপহার দিয়েছেন একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি, যার দাম আড়াই থেকে সাড়ে ৩ কোটি টাকার মতো হতে পারে। এর পাশাপাশি রয়েছে ১০০ গ্রাম ওজনের সোনার চেন এবং ৮০ গ্রাম ওজনের সোনার ব্রেসলেট। খাবারের দিক থেকেও ছিল চোখ কপালে তোলার মতো আয়োজন। সংবাদমাধ্যম ‘আজ তক’-এর প্রতিবেদন অনুযায়ী, অনন্ত সিংহ ৪ লাখেরও বেশি মানুষের খাওয়ার ব্যবস্থা করেছিলেন। বিয়ের ভোজ তৈরির কাজে প্রায় ৫০০ রাঁধুনি ও কর্মী নিয়োজিত ছিলেন। খাবার রান্নার জন্য তৈরি করা হয়েছিল ৩০০ এরও বেশি জায়গা। নিরামিষ খাবারের এই বিশাল আয়োজনে মিষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। রসগোল্লা, গুলাব জামুন, রাজভোগ, কালা জামুন থেকে শুরু করে মালপোয়া, জিলিপি, গাজরের হালুয়া ও মাখনা ক্ষীর এমন অন্তত আট ধরনের মিষ্টি ছিল মেনুতে।
বিহারের জনপ্রিয় খাবার লিট্টি-চোখা ছাড়াও, ভোজে চাট, গোলগাপ্পা, আলু টিক্কি, দোসা, চিল্লা এবং চৌ মে অন্তর্ভুুুক্ত ছিল। জানা গেছে, মেনুতে ১৫০টি নিরামিষ পদ ছিল। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩০ লাখ রসগোল্লা এবং ৫০ লাখ গুলাব জামুন তৈরি করা হয়েছিল বিয়ের অনুষ্ঠানে। রান্নাঘরে রাখা ছিল দুধের ট্যাংকার।
শিবাঙ্গীর বিয়ের সময় এত টাকা ওড়ানো হয়েছিল যে, মণ্ডপের সামনে টাকার পাহাড় জমে যায়। সেই টাকা পরিষ্কার করার কাজে নামতে হয় অনেককে। আমন্ত্রিত অতিথিদের জন্য প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
উত্সবের অংশ হিসেবে একটি ঘোড়দৌড় প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল, যা প্রচুর দর্শককে আকৃষ্ট করে। এই উত্সবের আয়োজন এমন একসময়ে হলো যখন অনন্ত খুব শিগিগরই কারাগারে ফিরে যাচ্ছেন। গত ৩০ অক্টোবর সুপ্রিম কোর্ট দুলারচন্দ্র যাদব হত্যা মামলায় মোকামার এই বিধায়কের জামিন বাতিল করে দেয় এবং ১ ডিসেম্বরের মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। অনন্তের বিরুদ্ধে তার রাজনৈতিক প্রতিপক্ষকে খুনের অভিযোগ রয়েছে। অনন্ত সিং একজন বিতর্কিত ব্যক্তি। রাজ্য বিধানসভায় পাঁচ বার নির্বাচিত এই বিধায়কের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা থেকে শুরু করে চাঁদাবাজি ও অপহরণের মতো ২৮টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। বেসরকারি সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’-এর ওয়েবসাইটে এসব মামলার তালিকা রয়েছে। তবে অনন্ত সিং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। —দ্য গার্ডিয়ান ও আনন্দবাজার পত্রিকা