শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল

মানুষকে পাপের পথে পরিচালিত করা, ভালো কাজ থেকে দূরে সরিয়ে রাখা এবং মনে সংশয় তৈরি করা—এসবই শয়তানের প্ররোচনার অংশ। মানুষের চোখে দেখা যায় না, এমন এই শত্রু মুমিনের ইমান ও আমল দুর্বল করার চেষ্টা করে। তাই তার কুমন্ত্রণা থেকে বাঁচতে আল্লাহর আশ্রয় নেওয়ার পাশাপাশি রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো আমলগুলো নিয়মিত পালন করা জরুরি।

পবিত্র কোরআনে আল্লাহ শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু হিসেবে উল্লেখ করে সতর্ক করেছেন। আল্লাহ মানুষকে সতর্ক করে বলেছেন, ‘নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। সুতরাং তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তো তার দলবলকে আহ্বান করে, যাতে তারা জাহান্নামিদের অন্তর্ভুক্ত হয়।’ (সুরা ফাতির, আয়াত: ৬)

শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে শুধু সতর্ক থাকাই যথেষ্ট নয়; প্রয়োজন আল্লাহর আশ্রয় গ্রহণ এবং রাসুলের শেখানো আমলগুলো নিয়মিত চর্চা করা। কোরআন ও সহিহ হাদিসে শয়তানের অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য কয়েকটি আমলের নির্দেশনা পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য সাতটি আমল হলো—

১. শয়তানের কুমন্ত্রণা অনুভব করলে আল্লাহর আশ্রয় চাওয়া
মনে খারাপ চিন্তা বা শয়তানের প্ররোচনা দেখা দিলে তা মোকাবিলার প্রথম উপায় হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। এ বিষয়ে আল্লাহ সরাসরি নির্দেশ দিয়েছেন, ‘আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ (সুরা আরাফ, আয়াত: ২০০)

রাসুলুল্লাহ (সা.)-ও এ বিষয়ে সতর্ক করেছেন। রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কারও কাছে শয়তান এসে প্রশ্ন করবে—এ বস্তু কে সৃষ্টি করেছে? ওই বস্তু কে সৃষ্টি করেছে? এভাবে একপর্যায়ে বলে বসবে, তোমার প্রতিপালককে কে সৃষ্টি করেছে? যখন বিষয়টি এ পর্যায়ে পৌঁছে যাবে, তখন সে যেন অবশ্যই আল্লাহর কাছে পানাহ চায় এবং এ চিন্তা থেকে বিরত থাকে।’ (সহিহ বুখারি, হাদিস: ৩২৭৬)

২. রাতের ঘুমের আগে আয়াতুল কুরসি পড়া
রাতে ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করার মাধ্যমে শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষার কথা হাদিসে এসেছে।

আবু হোরাইরা (রা.)-কে একবার রমজানের জাকাতের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন রাসুলুল্লাহ (সা.)। সে সময় এক ব্যক্তি খাবার চুরি করতে এলে তিনি তাকে ধরে ফেলেন। ওই ব্যক্তি আবু হোরাইরাকে জানায়, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত থাকেন এবং সকাল পর্যন্ত শয়তান কাছে আসতে পারে না।

ঘটনাটি রাসুলুল্লাহ (সা.)-কে জানালে তিনি বলেন, ‘সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মহা মিথ্যাবাদী। সে ছিল শয়তান।’ (সহিহ বুখারি, হাদিস: ২৩১১)

৩. রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াত করা
ঘুমানোর আগে সুরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে, তা তার জন্য যথেষ্ট হবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০০৯)

এ ছাড়া সুনানে তিরমিজির ২৮৮২ নম্বর হাদিসে এসেছে, ‘যে ঘরে তিন রাত এ দুটি আয়াত পড়া হয়, শয়তান সে ঘরের কাছেও আসতে পারে না।’

ঘরে সুরা বাকারা পাঠের গুরুত্ব সম্পর্কেও নবীজি বলেছেন, ‘তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত কোরো না। যে ঘরে সুরা বাকারা পাঠ করা হয়, শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়।’ (সহিহ মুসলিম, হাদিস: ৭৮০)।

৪. সকাল-সন্ধ্যায় তিন কুল পাঠ করা
সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস—এই তিনটি সুরা নিয়মিত পাঠ করাও শয়তানের অনিষ্ট থেকে বাঁচার একটি আমল। বিশেষ করে সুরা নাসের শেষ আয়াতগুলোতে আত্মগোপন করে মানুষের মনে কুমন্ত্রণা সৃষ্টিকারীর অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয়েছে। (সুরা নাস, আয়াত: ৪-৬)

সাহাবি আবদুল্লাহ ইবনে খুবাইবকে রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছিলেন, ‘তুমি সকাল-সন্ধ্যায় তিনবার সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পাঠ করবে। এগুলো তোমার জন্য সবকিছু (সব ধরনের অনিষ্ট) থেকে যথেষ্ট হবে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৮২)

শুধু সকাল-সন্ধ্যায় নয়, ঘুমানোর আগেও এই তিন সুরা পড়তেন রাসুলুল্লাহ (সা.)। এরপর দুই হাতে ফুঁ দিয়ে শরীরের ওপর হাত বুলিয়ে নিতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫০১৭)

৫. প্রতিদিন ১০০ বার তাওহিদের জিকির করা
আল্লাহর স্মরণ শয়তানের প্রভাব থেকে বাঁচার অন্যতম উপায়। এ ক্ষেত্রে প্রতিদিন ১০০ বার একটি বিশেষ জিকির পাঠের ফজিলত বর্ণিত হয়েছে।

জিকিরটি হলো—‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।’

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি দিনে এক শ বার পাঠ করবে—“লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির”, তার জন্য দশজন দাস মুক্ত করার সমান সওয়াব রয়েছে, এক শ নেকি লেখা হবে, এক শ পাপ মুছে দেওয়া হবে এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৩২৯৩)

৬. ঘরে ঢোকা ও খাবার শুরুর সময় বিসমিল্লাহ বলা
প্রতিদিনের সাধারণ কাজেও আল্লাহর নাম স্মরণ করার গুরুত্ব রয়েছে। বিশেষ করে ঘরে প্রবেশ এবং খাবার গ্রহণের আগে বিসমিল্লাহ বললে শয়তান সেখানে অংশ নেওয়ার সুযোগ পায় না।

রাসুল (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তি ঘরে প্রবেশের সময় এবং খাবার গ্রহণের সময় আল্লাহর নাম স্মরণ করলে শয়তান তার সঙ্গীদের বলে, “তোমাদের এখানে রাতযাপনেরও সুযোগ নেই, রাতের খাবারেরও সুযোগ নেই।”

আর সে যদি ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম স্মরণ না করে, তখন শয়তান বলে, “তোমরা রাতযাপনের জায়গা পেয়ে গেলে।” খাবারের সময় আল্লাহর নাম স্মরণ না করলে সে বলে, “তোমরা রাতের খাবারও পেয়ে গেলে।”’ (সহিহ মুসলিম, হাদিস: ২০১৮)

৭. রাগ নিয়ন্ত্রণে আউজুবিল্লাহ পাঠ করা
রাগের সময় মানুষ অনেক ক্ষেত্রে নিজের কথাবার্তা ও আচরণের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ অবস্থায় শয়তান অন্যায় কথা বা কাজে প্ররোচিত করতে পারে। তাই রাগের মুহূর্তে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার নির্দেশনা দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)।

একবার নবীজির সামনে দুজন ব্যক্তি ঝগড়ায় জড়িয়ে পড়েন। তাদের একজনের রাগ ছিল অত্যন্ত বেশি। তখন  রাসুল (সা.) বললেন, ‘আমি এমন একটি বাক্য জানি, যা সে বললে তার রাগ দূর হয়ে যেত। সেটি হলো—আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।’ (সহিহ বুখারি, হাদিস: ৩২৮২)

শয়তান মানুষকে আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত করে পাপের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। তাই কেবল বিপদের সময় নয়, প্রতিদিনের জীবনযাপনেও আল্লাহর জিকির ও রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো আমলগুলো চর্চা করা প্রয়োজন। নিয়মিত এসব আমল পালনের মাধ্যমে মুমিন শয়তানের কুমন্ত্রণা ও প্ররোচনা থেকে আল্লাহর আশ্রয় চাইতে পারেন।