প্রধান বয়লার পরিদর্শকের বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে দুদক

বয়লার স্থাপনের নকশা অনুমোদন, নির্মাণ পরিদর্শন, নিবন্ধন, নবায়ন ও অপারেটর সনদ প্রদান-প্রায় প্রতিটি ধাপেই ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে। এই দপ্তরের প্রধান পরিদর্শক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মান্নানের বিরুদ্ধে রয়েছে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য, প্রশ্ন ফাঁস ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। এ নিয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিল্প মন্ত্রণালয়ও তদন্ত কমিটি গঠন করেছে। তবে এত অভিযোগ ও তদন্তের পরও গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন তিনি।

বয়লার অধিদপ্তরের কার্যক্রম ঘিরে অনিয়মের অভিযোগ নতুন নয়। ২০২৫ সালের ১৪ আগস্ট ঘুষের বিনিময়ে বয়লারের নিবন্ধন, নির্মাণে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে অভিযান চালায় দুদক। দুদকের দল শিল্প মন্ত্রণালয় ও মিরপুরে অবস্থিত প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় পরিদর্শন করে। নথিপত্র পর্যালোচনার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্যও নেয়। প্রাথমিক পর্যালোচনায় উত্থাপিত অভিযোগের সত্যতা রয়েছে বলে দুদকের দল জানিয়েছে।
দুদকের তদন্তাধীন অভিযোগে প্রধান বয়লার পরিদর্শক আব্দুল মান্নানের বিরুদ্ধে প্রায় ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের কথা বলা হয়েছে। মিরপুর ডিওএইচএসে ৪ কোটি টাকায় দুটি ফ্ল্যাট কেনার অভিযোগ রয়েছে। এর বাইরে গাড়ি, জমি ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগেরও অভিযোগ রয়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ, ১০০ থেকে ৫০০ কেজি সক্ষমতার ছোট বয়লারের নকশা অনুমোদনে প্রতি ফাইলে ১৫ থেকে ২০ হাজার টাকা, নির্মাণ পরিদর্শন ও পরীক্ষণ প্রতিবেদন অনুমোদনে ২০ হাজার এবং নির্মাণ সনদ পেতে সরকারি ফির বাইরে প্রায় ২৫ হাজার টাকা দিতে হয়। বড় বয়লারের ক্ষেত্রে এই অঙ্ক আরো বেশি বলে দাবি করেছেন অভিযোগকারীরা। এমনকি নকশা তৈরি ও অনুমোদনের জন্য প্রধান পরিদর্শকের এক আত্মীয়ের প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে বাধ্য করার অভিযোগও উঠেছে। নকশা অনুমোদনের আটটি ধাপে প্রতিটি স্তরে ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। মাঠপর্যায়ে পরিদর্শন ও পরীক্ষার সময়ও অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। বয়লার নির্মাণের যন্ত্রাংশ আমদানিকারকদের অফিসে ডেকে টাকা দাবি করা এবং তা দিতে অস্বীকৃতি জানালে আমদানি করা যন্ত্রাংশ নিম্নমানের বলে বিক্রিতে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগও উঠেছে। এছাড়া বয়লার মেরামত, সার্ভিসিং ও পরীক্ষার কাজ 'টেকনো কেয়ার'-এর মাধ্যমে করাতে অধীন কর্মকর্তাদের চাপ দেওয়ার অভিযোগ রয়েছে।

দুদক সূত্র জানায়, ২০২৪-২৬ অর্থবছরে অনুমোদন পাওয়া ১৫৩টি বয়লারের মধ্যে ৭০টির বৈধ কাগজপত্র ছিল না। এই অভিযোগ তদন্ত করছে দুদক। দুদকে দেওয়া অভিযোগে আরো বলা হয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত বয়লার অপারেটর পরীক্ষার আগের রাতে ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা শুরুর পাঁচ ঘণ্টা আগে ২৪৫ জন পরীক্ষার্থীকে ৩০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে পরীক্ষার হলে প্রবেশের অভিযোগ করা হয়েছে।

এছাড়া গত ২২ নভেম্বর পল্লবীতে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন নাগরিক টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মিরাজ মিজু ও ক্যামেরাম্যান রাহুল। এ বিষয়ে মিরাজ মিজু বলেন, উপপ্রধান বয়লার পরিদর্শক প্রকৌশলী মো. ফজলে রাব্বির নেতৃত্বে একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। এতে তার মাথায় আঘাত লাগে।

শিল্প মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধান বয়লার পরিদর্শকের বিরুদ্ধে করা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

প্রধান বয়লার পরিদর্শক আব্দুল মান্নানের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা দুদকের উপপরিচালক আহসান কবির পলাশ বলেন, দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। এ ব্যাপারে প্রধান বয়লার পরিদর্শক আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।