যাত্রীর লাগেজে বিয়ার পাওয়ার ঘটনায় ২০১২ সালে যুক্তরাষ্ট্রের আলাস্কায় এক পাইলটের উড়োজাহাজ জব্দ করেছিল কর্তৃপক্ষ। দীর্ঘ ১৪ বছরের আইনি লড়াইয়ের পর এবার সেই মামলা গড়িয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে। মঙ্গলবার (১ ডিসেম্বর) মামলাটির শুনানি করবেন সর্বোচ্চ আদালতের ৯ বিচারপতি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভুক্তভোগী ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত পাইলট কেন জুপ্পির অভিযোগ, এক যাত্রীর লাগেজে থাকা বিয়ারের কারণে অন্যায়ভাবে তার ১৯৬৯ সালের ‘সেসনা ইউ২০৬ডি’ মডেলের উড়োজাহাজটি জব্দ করা হয়েছে। নিম্ন আদালত উড়োজাহাজটির মূল্য ৯৫ হাজার ডলার নির্ধারণ করলেও জুপ্পির হিসাবে বর্তমানে এর বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
ঘটনার সূত্রপাত যেভাবে
২০১২ সালের এপ্রিলে আলাস্কার ফেয়ারব্যাংকস থেকে প্রায় ৫০ জন বাসিন্দাকে নিয়ে প্রত্যন্ত গ্রাম বিভারের উদ্দেশে যাত্রী নিয়ে উড়াল দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পাইলট জুপ্পি। স্থানীয় আইন অনুযায়ী গ্রামটিতে অ্যালকোহল বিক্রি, আমদানি ও সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। উড্ডয়নের আগে রাজ্য পুলিশের সদস্যরা উড়োজাহাজটিতে তল্লাশি চালিয়ে এক যাত্রীর লাগেজে ৭২ ক্যান বিয়ার পান।
জুপ্পি দাবি করেন, তিনি ওই বিয়ারের বিষয়টি জানতেন না; কারণ যাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখিয়ে তিনি কখনো তাদের লাগেজ তল্লাশি করেন না। তবে পুলিশের দাবি ছিল, একটি প্লাস্টিকের ব্যাগে অন্তত ছয় ক্যান বিয়ার বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল।
পরবর্তীতে আদালত জুপ্পিকে জেনেশুনে নিষিদ্ধ গ্রামে অ্যালকোহল পরিবহনের দায়ে দোষী সাব্যস্ত করেন। এ ঘটনায় জুপ্পি ও তার প্রতিষ্ঠানকে ৩ হাজার ডলার জরিমানা এবং তাঁকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয় (যদিও শেষ পর্যন্ত তাঁকে কারাগারে যেতে হয়নি)। পাশাপাশি আলাস্কার প্রচলিত আইনের আওতায় তার উড়োজাহাজটি জব্দ করে রাষ্ট্র।
আইনি লড়াই ও সাংবিধানিক প্রশ্ন
২০২৫ সালে আলাস্কার সুপ্রিম কোর্ট উড়োজাহাজ জব্দের ওই সিদ্ধান্তকে সাংবিধানিক বলে রায় দেন। আদালতের যুক্তি ছিল, প্রত্যন্ত গ্রামগুলোতে অ্যালকোহলের অপব্যবহারে জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হয়; এমনকি মাত্র ছয় ক্যান বিয়ার অবৈধভাবে আমদানিও সমাজের জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে।
তবে জুপ্পির আইনজীবীদের দাবি, তুলনামূলক ছোট একটি অপরাধের জন্য এত মূল্যবান একটি উড়োজাহাজ স্থায়ীভাবে জব্দ করা চরম অসামঞ্জস্যপূর্ণ শাস্তি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের অষ্টম সংশোধনীতে উল্লিখিত ‘অতিরিক্ত জরিমানা নিষিদ্ধের বিধান’ লঙ্ঘিত হয়েছে। অন্যদিকে, আলাস্কা রাজ্যের অবস্থান হলো—অপরাধে ব্যবহৃত যানবাহন জব্দ করার পূর্ণ আইনি ক্ষমতা রাজ্যটির রয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও আলাস্কার পক্ষেই অবস্থান নিয়েছে।
পাইলট জুপ্পির পক্ষে আইনি লড়াই চালাচ্ছে অলাভজনক সংস্থা ‘ইনস্টিটিউট ফর জাস্টিস’। সংস্থাটির আইনজীবী স্যাম গেজের মতে, সুপ্রিম কোর্ট জুপ্পির পক্ষে রায় দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জব্দ করা সম্পদ ফেরত পাওয়ার পথ সাধারণ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জন্য অনেক সহজ হবে। আইন বিশ্লেষকদের ধারণা, এই মামলার রায় যুক্তরাষ্ট্রে অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট সম্পদ জব্দের (সিভিল ফরফিচার) পুরো আইনি ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।