পুরান ঢাকার লাল চাঁদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে পাথর দিয়ে থেঁতলে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক ছাত্রদল নেতা শফিউল ইসলাম শারাফাতকে (২৮) গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার শফিউল ইসলাম শারাফাত দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ছোট মসজিদ এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম সাঈদের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শারাফাতের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২০২৬ সালের ২৬ জুন দায়ের করা একটি মামলা রয়েছে। এ ছাড়া তিনি ২০২৫ সালের ১০ জুলাই রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগে শফিউল ইসলাম স্বেচ্ছায় ছাত্রদল থেকে অব্যাহতি নেওয়ার আবেদন করেছিলেন। পরবর্তী সময়ে পুরান ঢাকার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার পর তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তিনি এখন আর ছাত্রদলের কেউ নন, তবে পূর্বে আহ্বায়ক হিসেবে প্রায় এক বছর দায়িত্ব পালন করেছিলেন বলে জানান পাভেল মোল্লা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম বলেন, শারাফাতকে কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তার শারাফাতকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।