চুয়েটে আন্দোলনকারী শিক্ষার্থীদের সভায় মতবিরোধ-হাতাহাতি, সাংবাদিককে মারধর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে আন্দোলনকারীদের অভ্যন্তরীণ মতবিরোধ প্রকাশ্যে এসেছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আন্দোলনকারীদের আলোচনা সভায় মতবিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় ভিডিও ধারণের জেরে একজন সাংবাদিককে মারধরের অভিযোগও পাওয়া গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে আন্দোলন চলায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। শুরুতে সাধারণ শিক্ষার্থীরা অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে আন্দোলনে অংশ নেন। শিক্ষকদেরও এক দফা দাবি ছিল একই।

তবে বর্তমানে শিক্ষক সমিতি ওই দাবি থেকে সরে এসে চুয়েটের শিক্ষকদের মধ্য থেকে একজনকে উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের অবস্থানেও পরিবর্তন এসেছে বলে অভিযোগ করেন তিনি।

ওই শিক্ষার্থী আরও বলেন, দীর্ঘ আন্দোলনে একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কেউ কেউ বর্তমান উপাচার্যকে মেনে নিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর পক্ষে মত দিলে আন্দোলনকারীদের একটি অংশ তাদের ওপর হামলা ও মারধর করে। এ নিয়ে আন্দোলনকারীদের মধ্যে অসন্তোষ ও মতবিরোধ তৈরি হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, বন্ধের দিন শুক্রবার জুমার নামাজের পর অর্ধবেলা চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা। কর্মসূচি নিয়ে পক্ষ-বিপক্ষের মতবিরোধের মধ্যেই বিকেল সোয়া ৪টার দিকে তারা ক্যাম্পাস থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন এবং সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেন। প্রায় আধা ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে মিছিলসহ ক্যাম্পাসে ফিরে যান। রাতে পরবর্তী কর্মসূচি নির্ধারণে আলোচনা সভায় বসলে সেখানে মতবিরোধের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিস্তারিত পরে জানানো হবে বলে জানা গেছে।

 গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। 

এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সায়েমকে পুনর্বহালের এক দফা দাবিতে সর্বাত্মক শাটডাউন শুরু করেন শিক্ষার্থীরা। 

একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি পালন করেন।
দীর্ঘ ৩৬ দিন পর ২৮ অক্টোবর সীমিত পরিসরে ক্লাস শুরু হলেও পরিস্থিতির পূর্ণাঙ্গ স্বাভাবিকতা ফিরে আসেনি। ২ নভেম্বর শিক্ষার্থীরা এক দিনের শাটডাউন কর্মসূচি পালন করেন।

এদিকে গত বুধবার শিক্ষক সমিতি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের এক দফা দাবি থেকে সরে এসে চুয়েটের শিক্ষকদের মধ্য থেকে যেকোনো একজনকে উপাচার্য নিয়োগের দাবি জানায়। একই দিন রাতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সভা করে। সেখানে ঘোষণার মাধ্যমে বৃহস্পতিবার থেকে সংকট নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করে তারা। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে আধা ঘণ্টা চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

বিশ্ববিদ্যালয়ের দীর্ঘস্থায়ী অচলাবস্থার কারণে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি বাড়ছে। এ পরিস্থিতিতে শৃঙ্খলা বজায় রেখে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার দাবি উঠেছে।