ফরিদপুর কোতোয়ালি থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ পাশের মার্কেটের ছাদে

ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে নিক্ষেপ করা একটি ককটেল থানা লাগোয়া পৌর মার্কেট ভবনের টিনের ছাদে বিস্ফোরিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, তারা বিস্ফোরণের বিকট শব্দ শুনলেও ঘটনাস্থল থেকে বিস্ফোরণের কোনো আলামত উদ্ধার করতে পারেনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শহরের ফরিদ শাহ সড়কে কোতোয়ালি থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদ শাহ সড়কের পাশে অবস্থিত তিন তলা ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলায় টিনের ছাদ রয়েছে এবং এর ঠিক পেছনেই কোতোয়ালি থানার সীমানাপ্রাচীর ঘেঁষে দুইতলা ব্যারাক ভবন-২ অবস্থিত। ভবনটির নিচতলায় থানার বিভিন্ন কাজে দায়িত্বরত কয়েকজন উপপরিদর্শক (এসআই) বসেন এবং উপরতলায় একটি হলরুম রয়েছে। থানার মূল ফটক থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ গজ দূরে উত্তর পাশে অবস্থিত মার্কেটের এই টিনের ছাদেই বিস্ফোরণটি ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও থানার পাশের একটি চা দোকানের মালিক লিটন সাহা জানান, হঠাৎ বিকট শব্দে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে দোকান থেকে বের হয়ে দেখেন পৌর মার্কেটের থানার মোড়ের পাশ থেকে সাত নম্বর দোকান ‘মা ইলেকট্রনিক’ বরাবর টিনের ছাদে ধোঁয়া উড়ছে এবং এরপর পুলিশের সদস্যরা এসে জায়গাটি ঘুরে দেখে যান।

ঘটনার সময় থানার অপর পাশে শহরের মহাকালীর মোড় এলাকায় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ। তিনি জানান, বিকট শব্দ শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তাঁর মনে হয়েছে সড়কের অপর পাশে গৌড় গোপাল আঙিনা ট্রাস্টের মালিকানাধীন সাত তলা একটি ভবনের কোনো তলা থেকে এই ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করলে ঘটনাটি কীভাবে ঘটেছে তা বের করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন, তবে সেখানে ককটেলের কোনো আলামত পাওয়া যায়নি। বিস্ফোরণটি খুবই বিকট শব্দে হয়েছে উল্লেখ করে তিনি জানান, বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।