রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ভারত-মিজোরাম সীমান্তের আকাশে সন্দেহজনক ড্রোন উড়তে দেখে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সীমান্ত এলাকায় রহস্যময় তিনটি ড্রোন লক্ষ্য করে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়েন ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা। ড্রোনগুলোর উৎস ও পরিচালনাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করেছে বিজিবি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাঘাইছড়ি-মিজোরাম সীমান্তের আকাশে লাল ও সাদা রঙের আলো জ্বালানো অবস্থায় সন্দেহজনক ড্রোন উড়তে দেখা যায়। সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বরত বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন এবং একপর্যায়ে ড্রোনগুলো লক্ষ্য করে গুলি ছোড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রাতের একটি ভিডিওতেও দেখা যায়, অন্ধকার আকাশের দিকে তাক করে গুলি ছুড়ছেন বিজিবি সদস্যরা এবং এ সময় আকাশে আলোর ঝলকানি দেখা যাচ্ছে।
এ বিষয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব জানান, শুক্রবার রাতে হঠাৎ বিজিবির হেলিপ্যাডের ওপর রহস্যময় তিনটি ড্রোন দেখতে পেয়ে আশপাশের সব বিওপি ক্যাম্পকে সতর্ক করা হয়। পরে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসির দিকনির্দেশনায় ড্রোনগুলোকে ভূপাতিত করার লক্ষ্যে এলএমজি দিয়ে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়; গুলির পরপরই ড্রোনগুলো দ্রুত স্থান ত্যাগ করে দূরে সরে যায়। পাহাড়ের বিরাজমান পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে কোনো অদৃশ্য শক্তি বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে ধারণা করছেন তিনি।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে এবং সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ড্রোনগুলো কোথা থেকে এসেছে, কারা পরিচালনা করছিল কিংবা গুলিতে কোনো ক্ষতি হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে গত কয়েক দিন ধরে বাঘাইছড়ি উপজেলার সাজেক ও ভারতের মিজোরাম সীমান্তের দুর্গম এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি এবং প্রায় ১৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের পক্ষ থেকে দিন-রাত টহল পরিচালনা করা হচ্ছে।