কেন রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত?

ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা নিয়ে রায় ঘোষণার পরও এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে কোনো আলোচনায় যায়নি নয়াদিল্লি। একই সঙ্গে রায়ের বিষয়ে স্পষ্ট সমর্থন বা বিরোধিতা কোনোটিই জানায়নি ভারত। বিশ্লেষকদের মতে, সীমান্ত নিরাপত্তা, চীনের প্রভাব মোকাবিলা এবং বিভিন্ন অবকাঠামো প্রকল্পের স্বার্থে মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না দেশটি।

চলতি নভেম্বরের শেষ দিকে নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগের বিষয়ে রায় দেয়। ইউরোপ ও ওশিয়ানিয়ার ১৪টি দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ এ রায়কে স্বাগত জানালেও ভারত এ বিষয়ে নীরব অবস্থান নেয়।

ভারতের এমন অবস্থানে দেশটিতে বসবাসরত ৪০ হাজারের বেশি রোহিঙ্গার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে তাদের নিজ ভূখণ্ডে ফেরত পাঠানোর পক্ষে অবস্থানের কথা বলছে নয়াদিল্লি, অন্যদিকে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর দৃশ্যমান কোনো চাপও তৈরি করছে না। প্রশ্ন উঠেছে, আইসিজের রায় কি ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে?

আইসিজের রায়ে ভারতের অবস্থান কী?

গত ২০ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে আইসিজের রায় নিয়ে প্রশ্নের জবাবে বলেন, তারা রায়টি নোট করেছেন।

রোহিঙ্গাদের বিষয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবর্তনের পক্ষে ভারত সব সময় সমর্থন দিয়ে এসেছে।

এ সময় তিনি বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে ভারতের মানবিক সহায়তার কথাও তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, 'অপারেশন ইনসানিয়াত'-এর আওতায় পাঁচ দফায় ত্রাণসামগ্রী দিয়ে রোহিঙ্গাদের সহায়তা করেছে ভারত। পাশাপাশি মিয়ানমারের রাখাইন রাজ্যের উন্নয়ন কর্মসূচিতেও সহযোগিতা করছে দেশটি।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। তবে তাদের শরণার্থী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ভারত। ক্ষমতাসীন বিজেপির বিভিন্ন নেতাও বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে ভারতের উল্লেখযোগ্য কোনো আলোচনা হয়নি। আইসিজের রায়ের পরও মিয়ানমারের বিরুদ্ধে সরাসরি কোনো নিন্দা জানায়নি নয়াদিল্লি।

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চায় ভারত

পশ্চিমা দেশগুলোর মতো মিয়ানমারের সামরিক জান্তাকে বিচ্ছিন্ন করার পথে হাঁটতে চায় না ভারত। বরং নিজেদের কৌশলগত স্বার্থ বিবেচনায় দেশটির সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখার নীতি অনুসরণ করছে নয়াদিল্লি।

এর পেছনে রয়েছে সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, যোগাযোগ অবকাঠামো নির্মাণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়।

ভারতের সাবেক শীর্ষ কূটনীতিক পিনাক রঞ্জন চক্রবর্তী বিবিসিকে বলেন, ভারতের বিভিন্ন স্বার্থের সঙ্গে মিয়ানমার জড়িত। দুই দেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। এ সীমান্ত দিয়ে বিচ্ছিন্নতাবাদীদের অনুপ্রবেশের চেষ্টা ছাড়াও মাদক ও অন্যান্য পণ্যের চোরাচালানের মতো সমস্যা রয়েছে।

তার মতে, মিয়ানমারের সরাসরি সমালোচনা করলে সীমান্তসংক্রান্ত এসব সমস্যা মোকাবিলায় দেশটির সহযোগিতা বাধাগ্রস্ত হতে পারে। ফলে মিয়ানমারের সঙ্গে বিরোধে জড়িয়ে ভারতের তেমন কোনো লাভ নেই।

চক্রবর্তী আরও বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় মিয়ানমারে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে রয়েছে ভারত-মিয়ানমার-থাইল্যান্ড মহাসড়ক, কালাদান প্রকল্প ও রেল যোগাযোগ প্রকল্প। ভারতের ভূরাজনৈতিক ও কৌশলগত স্বার্থের জন্য এসব প্রকল্প গুরুত্বপূর্ণ।

রোহিঙ্গাদের প্রতি ভারতের মনোভাব নিয়ে প্রশ্ন

রোহিঙ্গাদের সঙ্গে ভারতের আচরণ নিয়ে বিভিন্ন সময়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানিয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ৬ মে দিল্লিতে ৪০ জন মুসলিম ও খ্রিষ্টান রোহিঙ্গা শরণার্থীকে আটক করে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে ১৩ জন নারীও ছিলেন। পরিচয় শনাক্তের জন্য তথ্য সংগ্রহের কথা বলে তাদের আটক করা হয়েছিল।

পরে তাদের বিমানে করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয় তাদের।

দিল্লিতে বসবাসরত এক রোহিঙ্গা খ্রিষ্টান ব্যক্তি হিউম্যান রাইটস ওয়াচকে জানান, আটক ব্যক্তিদের মধ্যে তার ভাইও ছিলেন। তার অভিযোগ, জাহাজটি মিয়ানমারের উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর তাদের লাইফ জ্যাকেট দেওয়া হয়। এরপর সমুদ্রে নামিয়ে দেওয়া হয়।

এ ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়ে ভারত। তবে দেশটির বিভিন্ন শহরে এখনো হাজার হাজার রোহিঙ্গা অস্থায়ী শিবির ও বস্তিতে বসবাস করছেন। দিল্লি, জম্মু ও হায়দরাবাদসহ বিভিন্ন এলাকায় তাঁদের মানবেতর জীবনযাপনের চিত্র দেখা যায়।

রোহিঙ্গাদের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে মিয়ানমার থেকে আসা চিন জনগোষ্ঠীর শরণার্থীদের প্রতি দেশটির আচরণের পার্থক্য রয়েছে বলে মনে করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিন্দিতা ঘোষাল।

বিবিসিকে তিনি বলেন, মিয়ানমার থেকে আসা চিন জনগোষ্ঠীর শরণার্থীদের প্রতি ভারতের সহানুভূতিশীল মনোভাব রয়েছে। কিন্তু রোহিঙ্গাদের ক্ষেত্রে দেশটির অবস্থান অনেকটাই ভিন্ন।

অধ্যাপক ঘোষালের মতে, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের সঙ্গে রোহিঙ্গাদেরও একইভাবে বিবেচনা করতে চায় ভারত।

শরণার্থী নাকি অনুপ্রবেশকারী, সিদ্ধান্ত নেয় কীভাবে ভারত?

ভারতে রোহিঙ্গাদের অবস্থান নিয়ে বিতর্কের অন্যতম কারণ দেশটির শরণার্থী নীতির অস্পষ্টতা। ভারত ১৯৫১ সালের শরণার্থীদের মর্যাদাসংক্রান্ত কনভেনশন এবং ১৯৬৭ সালের প্রটোকলে স্বাক্ষর করেনি। ফলে শরণার্থীদের স্বীকৃতি ও সুরক্ষার বিষয়ে আন্তর্জাতিক ওই কাঠামোর আওতায় দেশটির কোনো বাধ্যবাধকতা নেই।

অধ্যাপক অনিন্দিতা ঘোষাল বলেন, ভারতে শরণার্থীদের বিষয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ কোনো নীতি নেই। এ ধরনের বিষয় কেন্দ্রীয় সরকার ও বিচার বিভাগের মাধ্যমে পরিচালিত হয়। এতে সুপ্রিম কোর্টেরও ভূমিকা রয়েছে।

তার মতে, শরণার্থীদের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি অনেকাংশে নির্ভর করে কেন্দ্রীয় সরকারে থাকা রাজনৈতিক দলের নীতি ও অবস্থানের ওপর।

সব মিলিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনায় যাওয়ার তেমন কোনো তৎপরতা ভারতের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। আইসিজের রায়ের পরও নয়াদিল্লির অবস্থানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মেলেনি। ফলে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভবিষ্যৎ এবং তাদের নিরাপদে নিজ দেশে ফেরার সম্ভাবনা এখনো অনিশ্চিত।