সীমান্তে অনুপ্রবেশসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সীমান্ত সংক্রান্ত তথ্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে জানানোর আহ্বান জানিয়েছেন বিজিবির রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা আত্মত্যাগের মানসিকতা নিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই পরিস্থিতিতে কেউ যদি নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আসার চেষ্টা করে, বিজিবি তা প্রতিরোধ করবে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে হিলি সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন বিজিবির রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা ও তল্লাশি কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে নারকোটিকস ডগের ব্যবহারসহ বিভিন্ন চেকপোস্টের তল্লাশি কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা, বিভিন্ন গুজব ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নজরদারিতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করছেন। এ ক্ষেত্রে স্থানীয় জনগণও সহযোগিতা করছেন। সীমান্তের নিরাপত্তা শুধু বিজিবির একার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, সীমান্ত সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা বিজিবিকে জানানোর আহ্বান জানাচ্ছি। সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্য সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সহায়ক হবে।
দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যে কেউ যদি আসতে চায় এসে দেখুক, বিজিবি প্রতিরোধ করবে।এ বিষয়ে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট- ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।