কোস্টা রিকায় প্রবেশে বাধা জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক দূত আলবানিজের

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ মানবাধিকার দূত ফ্রান্সেসকা আলবানিজকে দেশে প্রবেশের অনুমতি দেয়নি কোস্টা রিকা। দেশটির কর্তৃপক্ষের দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগসংক্রান্ত একটি আন্তর্জাতিক সতর্কবার্তার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতালীয় আইনজীবী আলবানিজ কোস্টা রিকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের জন্য দেশটিতে গিয়েছিলেন। তবে রাজধানী সান হোসের হুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে আটকে রাখা হয়। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এক দিনেরও বেশি সময় তাকে বিমানবন্দরে অবস্থান করতে হয়।

শনিবার (২৮ নভেম্বর) ভোরে দেশটির সাংবিধানিক আদালতের নির্দেশে বিমানবন্দর ছেড়ে একটি হোটেলে যাওয়ার অনুমতি পান আলবানিজ। এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মানবাধিকার রক্ষা করা সন্ত্রাসবাদ নয়।’

কোস্টা রিকার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক ওমের বাদিয়া বলেন, আন্তর্জাতিক সতর্কবার্তার কারণে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ সামনে আনেননি তিনি।

এ নিয়ে দেশটির সংবাদমাধ্যম লা নাসিওনকে আলবানিজ বলেন, তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ থাকলে তা প্রকাশ করতে হবে। অন্যথায় এ ধরনের বক্তব্যের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। তিনি কোস্টা রিকা সরকারের প্রতি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

বিমানবন্দরে আটকে থাকায় শুক্রবার কোস্টা রিকা বিশ্ববিদ্যালয়ের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন আলবানিজ। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, তার প্রবেশে বাধা দেওয়ার পেছনে মার্কিন অর্থ দপ্তরের আরোপ করা নিষেধাজ্ঞার কোনো প্রভাব রয়েছে কি না, তা তদন্ত করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ সিদ্ধান্তের আইনি ভিত্তি জানতে চেয়েছে।

২০২২ সালে জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ মানবাধিকার র‌্যাপোর্টিয়ারের দায়িত্ব নেওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে আসছেন আলবানিজ। ইসরায়েলের অর্থনীতি থেকে লাভবান হওয়া মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিষয়ে প্রতিবেদন প্রকাশ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সঙ্গে কাজ করার অভিযোগে ২০২৫ সালের জুলাইয়ে ট্রাম্প প্রশাসন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলবানিজের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ ও সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ তুলেছিলেন। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি।

এদিকে জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ড্যানন কোস্টা রিকার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। দেশটির ডানপন্থি প্রেসিডেন্ট লরা ফার্নান্দেজের সরকার নিরাপত্তা ও অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছে।