কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর কমিটির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাদশাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার জাঙ্গালীয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম বাদশাহ উপজেলার জাঙ্গালীয়া গ্রামের খোকন মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) বর্তমান সহ-সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পৌর সদরের মধ্য পাকুন্দিয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাদশাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না নেতৃত্ব দেন। সরকারবিরোধী তৎপরতা চালানো এবং এলাকায় বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে পাকুন্দিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পাকুন্দিয়া থানার ওসি মো. হেলাল উদ্দীন জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল বের করে এলাকায় বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির চেষ্টার অভিযোগে জাহাঙ্গীর আলম বাদশাহকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।