২৭ বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠানোর দাবি ভারতীয় পুলিশের

ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রাম থেকে ২৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করে দেশে ফেরত পাঠানোর দাবি করেছে স্থানীয় পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পুলিশ জানায়, গুরুগ্রাম পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা (এটিএস) ও অপারেশনস স্টাফের পৃথক অভিযানে ওই ২৭ জনকে আটক করা হয়। প্রাথমিক যাচাইয়ে তাদের কাছে ভারতে অবস্থানের বৈধ কাগজপত্র, পাসপোর্ট কিংবা ভিসা পাওয়া যায়নি বলে দাবি করেছে পুলিশ।

আটকের পর তাদের মানেসরের একটি আটককেন্দ্রে রাখা হয়। পরে দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

পুলিশের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার (২৭ নভেম্বর) পুলিশি নিরাপত্তায় একটি ট্রেনের মাধ্যমে তাদের পাঠানো হয়। এ জন্য ট্রেনে অতিরিক্ত একটি সাধারণ কামরাও সংযুক্ত করা হয়েছিল।

পুলিশ আরও জানায়, পুরো প্রক্রিয়া নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ম মেনেই সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে গুরুগ্রাম এলাকায় অবৈধভাবে বসবাসের সন্দেহে বিদেশি নাগরিকদের শনাক্ত এবং পরিচয় যাচাইয়ের অভিযান অব্যাহত থাকবে।