মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত প্রায় ২০

মিয়ানমারের সংঘাতপূর্ণ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দেশটির শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকায় এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের আয়োজন চলছিল একটি বাড়িতে। এ সময় সেখানে বিমান হামলা চালানো হয়। হামলার পর ঘটনাস্থলে ছুটে গিয়ে ১৭ জনের মরদেহ দেখতে পান বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে হামলায় আহত কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখা গেছে। তবে ভিডিও ও হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি। স্থানীয় বাসিন্দাদের দেওয়া ছবিতে অন্তত ছয়টি মরদেহ দেখা গেছে। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে।

প্রত্যক্ষদর্শী জানান, হামলার আগে তিনি আকাশে উড়োজাহাজের শব্দ শুনেছিলেন। তবে ওই এলাকায় বোমা হামলা চালানো হবে, তা তিনি ধারণা করতে পারেননি। পরে বিস্ফোরণের শব্দ শুনে বাইরে বেরিয়ে ধোঁয়া দেখতে পান। এরপর ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারে এগিয়ে যান।

এ ঘটনায় আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি বলে জানিয়েছেন তিনি। হামলার পর কয়েকজনের খোঁজও পাওয়া যাচ্ছিল না।

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, এই সংঘাতে এ পর্যন্ত সব পক্ষ মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

এ হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: এএফপি