চুয়েটে সাংবাদিককে মারধর

৩ শিক্ষার্থীকে শনাক্তের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারস্থ সাংবাদিক সমিতি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যরাতের সংঘর্ষের চিত্র ধারণ করতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন এক ক্যাম্পাস সাংবাদিক। এই ঘটনায় তিনজনকে শনাক্তের দাবি করেছে চুয়েট সাংবাদিক সমিতি। বিষয়টি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সাংবাদিক পরিচয় নিশ্চিত করার পরও শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই নিন্দনীয় ঘটনা ঘটে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত তিন শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে চুয়েট সাংবাদিক সমিতির।

শনাক্ত হওয়া শিক্ষার্থীরা হলেন, যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাবুল ইসলাম, একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ মাহমুদ একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গোবিন্দ মোদক।

এ ঘটনায় ক্যাম্পাসের শৃঙ্খলা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো।

প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা একপর্যায়ে সংঘর্ষে রূপ নিলে ৪-৫ জন শিক্ষার্থী আহত হন। এই সময় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে দৈনিক আমাদের সময়ের চুয়েট প্রতিনিধি মিসবাহ উদ্দিন স্বাধীনকে বাধা দেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অরিন ঘোষ। এ সময় সাংবাদিক পরিচয় নিশ্চিত করতে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিবকে ঘটনাস্থলে ডাকা হয়। গালিব তাকে সমিতির কার্যকরী সদস্য ও সংবাদকর্মী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু পরিচয় জানার পরও মব সৃষ্টি করে একপর্যায়ে স্বাধীনের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে তাকে মারধর ও এলোপাতাড়ি ঘুষি মারতে থাকেন শিক্ষার্থী শিহাবুল ইসলাম খান ও সাজিদ মাহমুদ। একপর্যায়ে গোবিন্দ মোদকও তাকে কয়েক দফা মারধর করেন। পরে অরিন ঘোষ তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।

ভুক্তভোগী সাংবাদিক মিসবাহ উদ্দিন স্বাধীন জানান, সংঘর্ষের ভিডিও ধারণের সময় তাকে বাধা দেওয়া হয়। পরে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি তার সাংবাদিক পরিচয় নিশ্চিত করার পরও কয়েকজন শিক্ষার্থী তার ওপর হামলা চালান। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব বলেন, সাংবাদিক সমিতির কার্যকরী সদস্য হিসেবে মিসবাহ উদ্দিন স্বাধীনকে তিনি নিজেই সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দেন। পরিচয় নিশ্চিত হওয়ার পরও তার ওপর হামলার ঘটনা উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য। তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

চুয়েট সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফাইয়াজ মুহাম্মদ কৌশিক বলেন, সাংবাদিকের পরিচয় নিশ্চিত হওয়ার পরও আমার ওপর হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার লঙ্ঘন নয়, বরং ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশের জন্য হুমকি। তিনি নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাউজান প্রেস ক্লাব এবং রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাব। সংগঠন দুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী জয়নাল আবেদীন এক বিবৃতিতে বলেন, সাংবাদিকের পরিচয় নিশ্চিত হওয়ার পরও সংঘবদ্ধ হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম শনিবার রাতে বলেন, ‘এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। চুয়েট সাংবাদিক সমিতির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো বেলায়েত হোসেন জানান, শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনায় ৪-৫ জন আহত হয়েছে বলে শুনেছি। একই ঘটনায় একজন সাংবাদিকও হামলার শিকার হয়েছে বলে জেনেছি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা শিক্ষার্থীদের পক্ষ থেকে এখনও কোনো প্রকার অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।