প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়নের উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের কারণে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রগতি হয়েছে। একই সঙ্গে ঋণ ও সরকারি অর্থব্যবস্থাপনায় সংস্কার, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং বেসরকারি খাত ও পুঁজিবাজারের উন্নয়নে সরকার কাজ করছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে ‘স্টেট অব দ্য ইকোনমি: হোয়াট বিএনপি ইনহেরিটেড, হোয়াট ইট হ্যাজ অ্যাকমপ্লিশড অ্যান্ড হোয়াট ইজ টু কাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক নীতিনির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মূল্যস্ফীতির দুটি দিক রয়েছে—অভ্যন্তরীণ ও আমদানিজনিত। বৈশ্বিক বাজারে তেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সার ও পরিবহন ব্যয় বেড়েছে। ফলে আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সুযোগ সীমিত। 

তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে খাদ্যপণ্য এবং খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামালের ওপর শুল্ক ও কর কমানো হয়েছে বলে জানান তিনি। এর ফলে সার্বিক মূল্যস্ফীতি ২০২৬ সালের মে মাসের ৯ দশমিক ৪২ শতাংশ থেকে কমে অক্টোবরে ৮ দশমিক ২৭ শতাংশে নেমেছে। আগের সরকারের সময়ে মূল্যস্ফীতি প্রায় ৯ দশমিক ৭০ শতাংশ ছিল বলেও উল্লেখ করেন তিনি। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

স্বল্প আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় আরও ২ কোটি পরিবারকে আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃষকদের বীজ ও সারে সহায়তা, চাল বিতরণ কর্মসূচি এবং শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল অনুমোদনের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে সর্বজনীন স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ওষুধশিল্পের বিকাশেও সহায়তা দেওয়া হবে।

ঋণ ব্যবস্থাপনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, অতীতের ঋণের বোঝা এবং ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও সরকার প্রতিটি ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করছে। বাংলাদেশ কোনো ঋণখেলাপি হয়নি। ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ-সংক্রান্ত বিভাগকে আলাদা করা হচ্ছে। এতে নাগরিকেরা দেশের প্রকৃত ঋণ পরিস্থিতি ও মাথাপিছু ঋণের হিসাব জানতে পারবেন।

তিনি বলেন, সরকারি প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের বিপরীতে সুফল, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব—এই চারটি বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এসব মানদণ্ড পূরণ না করায় অনেক প্রকল্প বাতিল করা হয়েছে। চলমান প্রকল্পগুলোর মধ্যেও যেগুলোর বাস্তবায়ন অগ্রগতি কম, সেগুলোর কিছু তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

বেসরকারি খাতে ঋণপ্রবাহ সচল রাখতে বাণিজ্যিক ব্যাংকের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এ লক্ষ্যে বিকল্প অর্থায়নের উৎস হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ডলার বন্ড, পান্ডা বন্ড ও সামুরাই বন্ড এবং হংকং স্টক এক্সচেঞ্জে বাংলাদেশ ইকুইটি ফান্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, কর নীতি প্রণয়ন ও কর আদায়ের কার্যক্রম আলাদা করার কাজ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কর-জিডিপি অনুপাতেও ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।

পুঁজিবাজারকে আরও স্বচ্ছ ও বাজারভিত্তিক করতে অনলাইন ও রিয়েল-টাইম কার্যক্রম চালু এবং বিভিন্ন প্রক্রিয়া সহজ করার কাজ চলছে বলে জানান তিনি। ইলেকট্রনিক্স খাতে কর ছাড়ের ফলে ইতোমধ্যে ১৬টি প্রতিষ্ঠান উৎপাদনে গেছে। নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি দেশের নিজস্ব কয়লা সম্পদ ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। বড় অবকাঠামো ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্পেও বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানানো হচ্ছে।

সেমিনারে অর্থনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন খাতের অংশীজনেরা উপস্থিত ছিলেন।