রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের পরিবারের দাবি, দুজনই ২০২৪ সালের জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন আন্দোলনে তাদের অংশগ্রহণের ছবিও পাওয়া গেছে। তবে সম্প্রতি বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুই যুবক হলেন শাহামাত সাদিক (২৪) ও মো. সাইফ (২৩)। শাহামাতের বাড়ি গোদাগাড়ী পৌরসভার সারেংপুর মহল্লায়। সাইফের বাড়ি একই উপজেলার কাঁকনহাট এলাকায়। তিনি গোদাগাড়ীতে তাঁর নানার বাড়িতে থাকেন।
গতকাল শুক্রবার বিকেলে গোদাগাড়ী থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে দুটি মোটরসাইকেলে করে চার যুবক গোদাগাড়ী উপজেলা সদরের দিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পৌরসভার সামনে যান। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুই যুবক পালিয়ে যান। অন্য মোটরসাইকেলে থাকা দুজন থানার সামনে একটি চায়ের দোকানে বসেন। পরে সেখান থেকে তাদের আটক করা হয়।
তবে গ্রেপ্তার দুজন ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছেন তাঁদের পরিবারের সদস্যরা। তাদের দেওয়া একটি ছবিতে দেখা যায়, ‘দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ’ লেখা একটি ফেস্টুনের সামনে অনেকের সঙ্গে দাঁড়িয়ে আছেন শাহামাত ও সাইফ। পরিবারের দাবি, ২০২৪ সালের ৪ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে ছবিটি তোলা হয়েছিল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ও গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমানও দাবি করেছেন, শাহামাত ও সাইফ জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন।
তিনি বলেন, ‘শাহামাত ও সাইফ জুলাইয়ের আন্দোলনে ছিলেন। গোদাগাড়ী থেকে আমাদের আরেকজন জুলাই যোদ্ধা আমাকে ফোন করে এ কথা বলেছেন। তবে ঘটনার বিষয়ে আমি বিস্তারিত জানি না। খোঁজ নিচ্ছি।’
শাহামাত সাদিকের বাবা সাদিকুল ইসলাম একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর দাবি, তাঁর ছেলে ও সাইফ দুজনই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং গোদাগাড়ীতে আন্দোলনের সামনের সারিতে ছিলেন।
ছেলেকে গ্রেপ্তারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সাদিকুল ইসলাম বলেন, ‘এখন থানার সামনে “জয় বাংলা” স্লোগান দেওয়া হয়েছে। কাউকে না কাউকে ধরতে হবে। তাই সামনে পেয়ে আমার ছেলেসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় গেলে ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) প্রথমে আমার কাছে দাবি করেন, থানার সামনে চায়ের দোকানে বসে নাকি তারা মদ পান করছিল। তাহলে মদ পানের মামলা দেবে। বিএনপির অফিস পোড়ানোর মামলা কেন?’
ছেলের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও অস্বীকার করেছেন সাদিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমার ছেলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছে। পড়াশোনার এত চাপ ছিল যে সে কোনো রাজনীতিই করেনি। আর আমরা পারিবারিকভাবে বিএনপি-জামায়াত করেছি। আমার ছেলের ছাত্রলীগ করার প্রশ্নই ওঠে না।’
এসব অভিযোগের বিষয়ে গোদাগাড়ী থানার ওসি সুজন মিঞা বলেন, ‘তারা জুলাইয়ের আন্দোলনে ছিল কি না, সেটি আমার জানা নেই। দুটি মোটরসাইকেলে চারজন স্লোগান দিতে দিতে যাচ্ছিল। দুজন পালিয়ে যায়, দুজনকে আমরা আটক করি। আমাদের কোনো ভুল হয়নি।’