ইরানের সঙ্গে থাকা সব স্থল সীমান্ত বন্ধ করে দিতে ইরাককে আনুষ্ঠানিক চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে ইরাকি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ইরানের কর্মকর্তারা; শনিবার (২৮ নভেম্বর) ইরাকের একটি প্রতিনিধিদল তেহরানে পৌঁছালে দুই দেশের মধ্যে এ আলোচনা শুরু হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
হরমুজ প্রণালীতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ আরোপের পর তেহরান মূলত স্থলপথ ব্যবহার করেই তাদের পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম চালিয়ে আসছে। এখন মার্কিন চাপে ইরাক যদি সীমান্ত বন্ধ করে দেয়, তবে স্থলপথেও পণ্য সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার প্রবল আশঙ্কায় রয়েছে ইরান।
আলজাজিরাকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে, সীমান্ত বন্ধ করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তাদের ওপর চাপ সৃষ্টি করছে। তিনি জানান, মার্কিনিরা আনুষ্ঠানিকভাবে দুটি বাদে বাকি সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ার নির্দেশনা দিয়েছে—যার একটি কুর্দিস্তান অঞ্চলে এবং অন্যটি বাগদাদের কাছে এমন এক স্থানে অবস্থিত, যেখান থেকে পুরো বাগদাদ শহর দেখা যায়।
এদিকে ইরাক যেন কোনোভাবেই তাদের সীমান্ত বন্ধ না করে, সে বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার পরামর্শক মোহাম্মদ মোখবের। ইরাককে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা যেন ‘ইসলামের শত্রু ও ট্রাম্পের হাতিয়ারে’ পরিণত না হয়। নৌ-অবরোধের পর স্থল অবরোধের এই মার্কিন তৎপরতা তেহরানকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।