ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করতে দেশটির শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা করছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। একই সময়ে ইরান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সেটি অচল করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এসব ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরো জটিল হয়ে উঠেছে।
এনবিসি নিউজের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রশাসনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, এই খবর তেহরানে বেশ অস্বস্তি জন্ম দিয়েছে। মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তা মনে করছেন, ইরানের গুরুত্বপূর্ণ নেতাদের সরিয়ে দিলে দেশটির অবশিষ্ট নেতৃত্ব যুদ্ধ শেষ করার বিষয়ে চাপ অনুভব করবে। তবে অন্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, এ ধরনের পদক্ষেপ ইরানের পালটা প্রতিশোধের ঝুঁকি বাড়াবে এবং কূটনৈতিক সমাধানের পথ আরো কঠিন করে তুলবে।
এদিকে বৃহস্পতিবার ইরান থেকে ছেড়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে অচল করে দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, জাহাজটি ইরানের বন্দর থেকে বেরিয়ে নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। জাহাজটির পেছনের অংশে হামলা চালিয়ে চলাচলের ক্ষমতা নষ্ট করা হয়। এতে জাহাজের বেসামরিক নাবিকদের কেউ আহত হননি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ এবং হরমুজ প্রণালিকে ঘিরে পালটাপালটি অবস্থানের কারণে জ্বালানি পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা বাড়ছে। যুদ্ধ বন্ধে আলোচনা চললেও সামরিক চাপ ও পালটা হুমকি পরিস্থিতিকে ক্রমেই সংঘাতমুখী করে তুলছে।