বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি ফুটিবে কবে?

বাংলাদেশের কৃষি এক বিস্ময়কর অগ্রগতির সাক্ষ্য বহন করিতেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পরিসংখ্যান অনুযায়ী, চাউল, আলু, পিঁয়াজ ও শীতকালীন সবজিসহ ২২টি প্রাথমিক কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ ১০ দেশের অন্তর্ভুক্ত। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪০ দশমিক ৬ শতাংশ কৃষির সহিত যুক্ত। পরিসংখ্যানের বিচারে ইহা গৌরবের বিষয়: কিন্তু দুঃখের বিষয় হইল-এই সাফল্যের আড়ালে কৃষকের যে দীর্ঘশ্বাস, তাহা আমরা বহু ক্ষেত্রেই যেন দেখিতে পাই না! যেই কৃষক ফসল ফলাইয়া দেশের মানুষের খাদ্যের জোগান দিতেছেন, সেই কৃষকই ফসল বিক্রি করিতে গিয়া বহু ক্ষেত্রে নিজের পুঁজি হারাইতেছেন।

এমনকি বাম্পার ফলনও অনেক সময় তাহার জন্য আর্থিক বিপর্যয় ডাকিয়া আনিতেছে। আলু, ধান, পিঁয়াজ, পাট, টম্যাটো, ফুলকপি, বাঁধাকপি কিংবা লাউ-বিভিন্ন ফসলের ক্ষেত্রেই এই চিত্র দেখা যাইতেছে। ঠাকুরগাঁওয়ে গত ১৫ বৎসরের মধ্যে ৯ বৎসরই আলুচাষিরা লোকসান গুনিয়াছেন। কোনো কোনো মৌসুমে উৎপাদন খরচ কেজিপ্রতি ২২ টাকা হইতে ২৫ টাকা হইলেও বিক্রয় করিতে হইয়াছে ১২ টাকা হইতে ১৪ টাকায়। শীতকালীন সবজির মূল্য এতটাই কমিয়া যায় যে, পাঁচ টাকায় ফুলকপি বিক্রি করাও কঠিন হইয়া পড়ে। কোথাও কৃষক লাউয়ের বাগান কাটিয়া গরুকে খাওয়াইয়া দিতে বাধ্য হন। কয়েক মাসের পরিশ্রম, বিনিয়োগ ও পরিচর্যার পর নিজের হাতে ফলানো ফসল যখন গবাদি পশুর খাদ্যে পরিণত হয়, তখন সেই কৃষকের মনের অবস্থা সহজেই অনুমান করা যায়।

একজন কৃষক ফসল ফলান পরিবারের মুখের দিকে তাকাইয়া। ধান কিংবা আলু বিক্রয়ের অর্থে তাহার সন্তানের বিদ্যালয়ের বেতন, পরিবারের চিকিৎসা, সংসারের খরচ, মহাজনের ঋণ পরিশোধ এবং পরবর্তী মৌসুমের চাষাবাদের ব্যবস্থা হয়। অনেক কৃষক বীজ, সার ও সেচের খরচ জোগাইতে পূর্বেই ঋণ করেন। ফসল বিক্রয়ের পর সেই টাকা উঠিবে-এমন আশাতেই ধারদেনা করেন; কিন্তু বাজারে মূল্য পড়িয়া গেলে তাহার সমস্ত হিসাব উলট-পালট হইয়া যায়। এই সংকটের পিছনে বাজারব্যবস্থার দুর্বলতা বড় কারণ। কৃষকের জমি হইতে ভোক্তার রান্নাঘর পর্যন্ত একটি পণ্য তিন-চারটি হাত ঘুরিয়া পৌছায়। প্রতিটি স্তরে মূল্য বাড়ে; কিন্তু কৃষকের প্রাপ্তি বৃদ্ধি পায় না। সংরক্ষণের অভাবে তাহাকে ফসল তুলিয়াই বিক্রয় করিতে হয়। ঠাকুরগাঁওয়ে ৮ লাখ ৬৮ হাজার মেট্রিক টন আলু উৎপাদনের বিপরীতে হিমাগারের ধারণক্ষমতা মাত্র ১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। ফলে বাজারে মূল্য কমিয়া গেলেও কৃষকের ফসল ধরিয়া রাখিবার উপায় থাকে না।

এই জায়গাটিতেই সরকারের বিশেষ দায়িত্ব রহিয়াছে। কৃষকের উৎপাদন বৃদ্ধি করিবার জন্য সরকার সার, বীজ ও কৃষিঋণে সহায়তা দিবে, অথচ ফসল বিক্রয়ের সময় তাহাকে সম্পূর্ণ বাজারের উপর ছাড়িয়া দিবে! কোন এলাকায় কোন ফসল কত উৎপাদিত হইতেছে, কোথায় অতিরিক্ত সরবরাহের আশঙ্কা রহিয়াছে, কোন পণ্যের সংরক্ষণক্ষমতা কতটুকু, এই সকল তথ্যের ভিত্তিতে আগাম পরিকল্পনা করিতে হইবে। কৃষিপণ্য বাজারে আসিবার পূর্বে সরকারের পক্ষে সম্ভাব্য উৎপাদন ও চাহিদার হিসাব করাটা কি খুব কঠিন কাজ? দেশীয় উৎপাদনে ঘাটতি দেখা দিলে আমদানি করা যাইতে পারে, নচেৎ নয়। সরকারি ক্রয়ব্যবস্থাতেও পরিবর্তন জরুরি।

নির্ধারিত মূল্যে ধান-চাউল সংগ্রহের ঘোষণা দিলেই কৃষক উপকৃত হন না। ইউনিয়ন পর্যায়ে সংগ্রহকেন্দ্র স্থাপন করিয়া প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ফসল কিনিতে হইবে। উৎপাদন খরচ বিবেচনায় ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা প্রয়োজন। আলু, পিঁয়াজ ও শীতকালীন সবজির জন্য এলাকাভিত্তিক সংরক্ষণাগার এবং বহুমুখী হিমাগার গড়িয়া তুলিতে হইবে। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ ঘটাইতে পারিলে অতিরিক্ত উৎপাদনের একটি অংশ সস, পেস্ট, চিপস কিংবা অন্যান্য খাদ্যপণ্যে রূপান্তর করা সম্ভব। ইহার পাশাপাশি কৃষক সমবায়ের মাধ্যমে সরাসরি বাজারজাতকরণের সুযোগ বাড়াইতে হইবে। কৃষকের জীবিকা অনিশ্চিত থাকিলে দেশের কৃষিও দীর্ঘদিন টিকিয়া থাকিবে না। সরকারকে কৃষির এই খাতটির প্রতি বিশেষ গুরুত্ব দিতেই হইবে।