উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি। রাত ও ভোরে হিমেল হাওয়া আর কুয়াশায় শীতের আমেজ বাড়ছে। দিনের বেলা রোদের কারণে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে ঠাণ্ডা।
একদিনের ব্যবধানে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টায় সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে শীতের তীব্রতা বাড়লেও সকালে আকাশে কুয়াশা দেখা যায়নি। আকাশ ছিল পরিষ্কার, মিলেছে সূর্যের দেখা। তবে উত্তরের হিমেল বাতাসে শীতের অনুভূতি ছিল বেশি।
জানা যায়, আজ সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। এসময় জীবিকার তাগিদে এই ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন দিনমজুর, কৃষক ও শ্রমজীবী মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ।
এর আগে, গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (২৭ নভেম্বর) তা বেড়ে দাঁড়ায় ১৪ দশমিক ৭ ডিগ্রিতে। শনিবার (২৮ নভেম্বর) এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে হয় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার তা আরও ২ ডিগ্রি কমে নেমেছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনের বেলায় সূর্যের তাপে শীতের অনুভূতি কিছুটা কম থাকে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাত ও ভোরে হিমেল বাতাসে বেশি শীত লাগে। কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি বাড়ছে।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ।