নেত্রকোণার পূর্বধলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু বকর রানা নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাঁকুনী ইউনিয়নের বাদেপুটিকা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত আবু বকর রানা বিশকাঁকুনী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। স্বজন ও স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, শনিবার রাতে বাদেপুটিকা এলাকায় রানাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়; বর্তমানে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, স্থানীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রফিকের সঙ্গে রানার বিরোধ চলে আসছিল বলে জানান তারা।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নথিভুক্ত করা হবে এবং হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে বলে জানান তিনি।