ঢাকার কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ চারটি স্থানে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে আটক দুজনের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর এলাকার গার্মেন্টসপল্লিতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এরপর রাত সাড়ে ৯টার দিকে আগানগর সিনেমা হলের সামনে দুটি, রাত সোয়া ১০টার দিকে জনি টাওয়ার এলাকায় তিনটি এবং রাত সাড়ে ১০টার দিকে কদমতলী এলাকায় কাচ্চি ভাই রেস্তোরাঁর সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় গার্মেন্টসপল্লি এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করেন এলাকাবাসী।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় লোকজন দুজনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে এবং বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।