পাবনায় ট্রাকচাপায় অটোভ্যান চালকসহ নিহত ২

পাবনার চাটমোহরে বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যান চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার ভাদরা বাইপাস সড়ক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চাটমোহর উপজেলার পাশর্্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক নজরুল ইসলাম (৩০) এবং মহেলা হাটপাড়া গ্রামের মৃত ইয়াসিন কারিগরের ছেলে ব্যবসায়ী নজরুল ইসলাম (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী নজরুল ইসলাম অটোভ্যানচালক নজরুল ইসলামের ভ্যানে করে চাটমোহরের অমৃতকুণ্ডা (রেলবাজার) হাটে যাচ্ছিলেন। পথে ভাদরা বাইপাস সড়ক মোড়ে দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে চালক ও সহকারী পালিয়ে যান। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. অলিউর রহমান দুর্ঘটনা ও দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।