কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন সকাল থেকেই অনেকটা অচল হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন।
জেলার প্রধান সড়ক-মহাসড়ক থেকে শুরু করে আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় সড়কগুলোও প্রায় জনশূন্য। বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহনও।
জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে দু-একটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের ৬৭ কিলোমিটারে কয়েকটি স্থানে ব্যারিকেড দেওয়া হয়েছে। লকডাউনের কারণে সকাল থেকে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। মানুষের চলাচলও সীমিত। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এতে শহর ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজারের বেশি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাচৌকি বসিয়েছে পুলিশ। পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার সামনে দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
এ বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হেলালউদ্দিন ভূঁইয়া জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। জনসাধারণের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলার নিরাপত্তায় বর্তমানে ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্বে রয়েছেন বলে জানান এই পুলিশ সুপার।