বিজয় মাসের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়াপল্টনে করবে বিএনপি

সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলায় মহান বিজয়ের মাস ডিসেম্বরের কর্মসূচির উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করেছে বিএনপি। আগামী ১ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের মঞ্চ তৈরি করা হবে পল্টন কমিউনিটি সেন্টারের সামনে।

রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, শুক্রবার বিএনপির পক্ষ থেকে উদ্বোধনী সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান ঘোষণা করা হয়েছিল। তবে সেখানে উন্নয়নকাজ ও উদ্যানের বিন্যাস পরিবর্তনের কাজ চলমান থাকায় সমাবেশ আয়োজন সম্ভব হচ্ছে না। এ কারণে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, পল্টন কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশের মঞ্চ তৈরি করা হবে। মঞ্চের মুখ থাকবে পশ্চিম দিকে, অর্থাৎ বিজয়নগরের দিকে।

বিজয় মাসের কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পালনের নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেবেন বলে জানান রিজভী।