সন্দেহজনক লেনদেন, গোপালগঞ্জে বন্ধ প্রায় পৌনে ২ লাখ মোবাইল ব্যাংকিং হিসাব

গোপালগঞ্জে প্রায় পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ করা হয়েছে। সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার পর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সিদ্ধান্তে এসব হিসাব বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধের বিষয়ে নতুন করে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে কোনো হিসাবে অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেলে প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠান তা সাময়িকভাবে স্থগিত করতে পারে।

এর আগে গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার পর গত বুধবার রাত থেকে জেলায় মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সেবা বন্ধ থাকায় টাকা উত্তোলন, পাঠানোসহ জরুরি আর্থিক লেনদেন করতে গিয়ে বিপাকে পড়েন গ্রাহকরা। এ পরিস্থিতিতে ভবিষ্যতে কমিউনিটি ব্যাংকিংয়ের মাধ্যমে জেলায় আর্থিক সেবা চালুর সম্ভাবনার কথাও জানিয়েছে সরকার।