নবাবগঞ্জ থানার সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকট শব্দে থানা-সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থানা এলাকা ও আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি থানার প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এরপর দ্রুত মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে যান তারা। বিস্ফোরণের পর ভিডিওতে পেছনে বসা ব্যক্তিকে চালককে দ্রুত মোটরসাইকেল চালানোর নির্দেশ দিতে শোনা যায়।

এদিকে বিস্ফোরণের শব্দে থানার আশপাশের এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।