‘মোহাম্মদ’ নাম অপছন্দ হওয়ায় ভারতীয় যাত্রীর হামলায় আহত উবার চালকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহরতলিতে ‘মোহাম্মদ’ নামটি পছন্দ না হওয়ায় ভারতীয় বংশোদ্ভূত এক যাত্রীর হামলার শিকার সোমালি-আমেরিকান উবার চালক মোহাম্মদ ইউসুফের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ৫১ বছর বয়সী এই চালক মারা যান। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১৪ নভেম্বর হামলার শিকার হন ইউসুফ। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই সময় তাকে সিটবেল্ট দিয়ে শ্বাসরোধ করা হয়। পরে তার নিজের গাড়ি দিয়ে চাপা দিয়ে একটি খাদে ফেলে রাখা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর থেকে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মুসলিম নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কেয়ার-মিনেসোটা এক বিবৃতিতে ইউসুফের পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী চালক এবং কমিউনিটির পাশে দাঁড়ানো ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছে।

এ ঘটনায় ২৫ বছর বয়সী সামিত অপূর্ব প্যাটেলের বিরুদ্ধে প্রথমে দ্বিতীয়-ডিগ্রি হত্যাচেষ্টা ও গাড়ি ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছিল। তবে ইউসুফের মৃত্যুর পর অভিযোগের ধরন পরিবর্তনের কথা জানিয়েছেন হেনেপিন কাউন্টির অ্যাটর্নি মেরি মরিয়ার্টি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ দ্বিতীয়-ডিগ্রি ইচ্ছাকৃত হত্যায় উন্নীত করা হবে।

প্যাটেলের আইনজীবী ক্যাথরিন টার্নার ই-মেইলে জানিয়েছেন, তার মক্কেল ইউসুফের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মামলাটি বিচারাধীন থাকায় এখনই কোনো সিদ্ধান্তে না পৌঁছাতে জনসাধারণের প্রতি প্যাটেল ও তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, যাত্রীকে গাড়িতে তোলার সময় ইউসুফ তার ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। তার ভাইও পেশায় উবার চালক। ফোনালাপের একপর্যায়ে তিনি ওই যাত্রীকে বলতে শোনেন, ইউসুফের ‘মোহাম্মদ’ নামটি তার পছন্দ নয়। এর কিছুক্ষণ পরই ভাই ফোনে ইউসুফের সোমালি ভাষায় চিৎকার শুনতে পান। তখন তিনি বলছিলেন, তাকে সিটবেল্ট দিয়ে শ্বাসরোধ করা হচ্ছে এবং গাড়ি দিয়ে চাপা দেওয়া হচ্ছে।

তবে কাউন্টি অ্যাটর্নি মেরি মরিয়ার্টি জানিয়েছেন, হামলাটি বিদ্বেষপ্রসূত ছিল—এমন অভিযোগ প্রমাণের মতো পর্যাপ্ত তথ্যপ্রমাণ এখনো পাওয়া যায়নি।

ইউসুফের পাঁচ সন্তানের মধ্যে বড় ছেলে মোস্তফা ওসমান জানান, তার বাবা ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে আসেন। এরপর দীর্ঘদিন ধরে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। হামলার পর তার শরীরে পাঁচটি অস্ত্রোপচার করা হয়।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সোমালি জনগোষ্ঠীর বসবাস মিনেসোটায়। ইউসুফের ওপর এই হামলা ও পরবর্তী সময়ে তার মৃত্যুর ঘটনায় স্থানীয় সোমালি কমিউনিটির মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্র: এনডিটিভি