অবশেষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দীর্ঘ এক মাসের বেশি সময় সীমাবদ্ধ থাকার পর প্রয়োজনীয় তথ্য প্রদান এবং অ্যাকাউন্ট পর্যালোচনা শেষে তার অ্যাকাউন্টে পুনরায় প্রবেশাধিকার দিয়েছে ফেসবুক। অ্যাকাউন্ট ফিরে পাওয়ার খবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
অ্যাকাউন্ট ফিরে পাওয়ার খবর জানিয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি যারা তাকে ভয় দেখানো বা চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তাদের উদ্দেশে কড়া বার্তাও দিয়েছেন এই অভিনেত্রী।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে তিনি এসব কথা জানান।
বাঁধন লেখেন, ‘আমি ফিরে এসেছি। আর সঙ্গে নিয়ে এসেছি সুখবর!’ পোস্টে তিনি জানান, গত ২৭ অক্টোবর তার প্রকাশ্য ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টটি সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার পর অ্যাকাউন্টটি পর্যালোচনা করে আবারও ব্যবহারের সুযোগ ফিরিয়ে দিয়েছে ফেসবুক। দীর্ঘ সময় পর নিজের পরিচিত অ্যাকাউন্টে ফিরে আসার বিষয়টি স্বাভাবিকভাবেই আনন্দের সঙ্গে নিয়েছেন তিনি।
তবে বাঁধনের সাম্প্রতিক পোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক শুধু ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাওয়া নয়, ইতালিতে তার ওপর হামলার ঘটনায় তদন্ত শুরুর খবরও।
অভিনেত্রী জানিয়েছেন, ইতালিতে তার ওপর সংঘটিত হামলার ঘটনায় সন্দেহভাজন তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভেনিসের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়। ইতালির সংবাদমাধ্যম ‘ইল গাজ্জেত্তিনো’র এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।
যারা এসব কৌশলের মাধ্যমে তাকে চুপ করিয়ে দিতে, ভয় দেখাতে কিংবা হারিয়ে দিতে চেয়েছিলেন, তাদের উদ্দেশে বাঁধন লেখেন, ‘আপনারা ভুল মানুষকে বেছে নিয়েছেন। আমি কী দিয়ে তৈরি, জীবনে কত কিছু পার করে এসেছি কিংবা নিজের অবস্থানে কতটা দৃঢ়ভাবে দাঁড়াতে পারি, সে সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। আমি সহজে ভয় পাই না। কেউ চাইলেই আমি হারিয়ে যাব না।’
পোস্টের শেষাংশে আবারও ফেসবুকে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করেন অভিনেত্রী। তিনি জানান, এবার হাসির কারণও তার কাছে আরও বেশি।
উল্লেখ্য, ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন বাঁধন। ঘটনার ভিডিও ও বিস্তারিত বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। এর মধ্যেই অ্যাকাউন্ট পুনরুদ্ধারের খবর জানালেন এই অভিনেত্রী।