চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ১০ শতাংশের নিচে নেমে আসায় ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে তলব করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের ফল বিপর্যয়ের কারণ জানতে লিখিত ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক নথিপত্র নিয়ে বোর্ডের জরুরি সভায় সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকার কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবিরের সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত সংখ্যক শিক্ষার্থী পাস না করায় কেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত সুস্পষ্ট কারণ ব্যাখ্যা দেওয়াসহ আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে অধ্যক্ষদের সশরীরে হাজির হতে হবে। প্রতিষ্ঠানের গত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কাগজপত্র নিয়ে তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। তাদের পরিবর্তে কোনো প্রতিনিধি সভায় অংশ নিতে পারবেন না বলেও চিঠিতে স্পষ্ট করা হয়েছে।
বোর্ডের তালিকা অনুযায়ী, ১০ জেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে এ নোটিশ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের পাসের হার ৩ দশমিক ০৩ থেকে ১০ শতাংশের মধ্যে। সবচেয়ে খারাপ ফল করেছে রাজবাড়ী সদরের অঙ্কুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার মাত্র ৩ দশমিক ০৩ শতাংশ। এ তালিকায় রাজধানীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে।
তলব করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকার গুলশানের ক্রাউন কলেজে পাসের হার ৬ দশমিক ৬৭ শতাংশ, পল্লবীর মিরপুর ডেভেলপমেন্ট কমিটি মডেল ইনস্টিটিউট অ্যান্ড কলেজে ১০ শতাংশ এবং খিলক্ষেতের ডুমনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১০ শতাংশ।
গাজীপুরের জেনুইন রেসিডেনসিয়াল কলেজে পাসের হার ৭ দশমিক ১৪ শতাংশ। নরসিংদীর ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল হাই স্কুল অ্যান্ড কলেজে ৫ শতাংশ, বাবুরহাট গ্রিন ফিল্ড কলেজে ৯ দশমিক ০৯ শতাংশ এবং পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজে ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
মুন্সিগঞ্জের সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯ দশমিক ০৯ শতাংশ। মানিকগঞ্জের খোন্দকার দেলোয়ার হোসেন কলেজে ৭ দশমিক ৪৬ শতাংশ এবং বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজে ৫ দশমিক ২৬ শতাংশ। টাঙ্গাইলের পলাশতলী মহাবিদ্যালয়ে পাসের হার ৮ দশমিক ৫১ শতাংশ, ডা. সাঈদা খান মহিলা কলেজে ১০ শতাংশ এবং ভাওড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৯ দশমিক ০৯ শতাংশ।
শরীয়তপুরের ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে পাসের হার ৬ দশমিক ৪৫ শতাংশ, গঙ্গানগর আদর্শ স্কুল অ্যান্ড কলেজে ৮ দশমিক ৮৯ শতাংশ এবং চিকন্দী শরফ আলী স্কুল অ্যান্ড কলেজে ৫ দশমিক ৮৮ শতাংশ। রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে ৭ দশমিক ১৪ শতাংশ এবং বেলগাছী আলিমুজ্জামান স্কুল অ্যান্ড কলেজে ৭ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
এ ছাড়া রাজবাড়ীর অঙ্কুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও গোপালগঞ্জ আইডিয়াল কলেজে পাসের হার ৭ দশমিক ১৪ শতাংশ, কিশোরগঞ্জ মডেল কলেজে ৬ দশমিক ৮২ শতাংশ এবং জারইতলা স্কুল অ্যান্ড কলেজে ৬ দশমিক ২৫ শতাংশ।
এর আগে শতভাগ পাস না করা ২৬ শিক্ষা প্রতিষ্ঠানকেও শোকজ দিয়ে গত ১০ নভেম্বর কারণ দর্শানো ও বোর্ড সভায় উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিল বোর্ড। তবে পরবর্তীতে তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা বা সে বিষয়ে বোর্ড কিছু জানায়নি।