রাজধানীর মোহাম্মদপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের (৪২) এবং নেত্রকোনার আটপাড়া থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি পাপ্পু পাল (৩৪)।
রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাত পৌনে ৯টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন থেকে আবু তাহেরকে এবং রাত ১টার দিকে ঢাকা উদ্যান এলাকা থেকে পাপ্পু পালকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মোহাম্মদপুর থানার এসআই রাজু আহমেদ ও এসআই মো. আমিরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, আবু তাহের মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিবের সঙ্গে রাজনীতি করতেন। সেই সূত্রে চন্দ্রিমা হাউজিংসহ মোহাম্মদপুর এলাকায় প্রভাব বিস্তার করে চলাফেরা ও চাঁদাবাজি করতেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের দাবি, আবু তাহেরের নির্দেশে তার লোকজন মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায়। তিনি আওয়ামী লীগের বিভিন্ন মিছিলে অংশ নিতেন এবং দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে ঢাকার ভেতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অন্যদিকে, পাপ্পু পালকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার ৫ নম্বর সি ব্লক থেকে গ্রেপ্তার করা হয়। তাকে রাত ১টার দিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তিনি নেত্রকোনার আটপাড়া থানার বাকরপুর এলাকার দুলাল পাল ও নিশা পালের ছেলে।
গ্রেপ্তার আবু তাহেরের স্থায়ী ঠিকানা শেরপুরের নকলা থানার রেমদুয়া নামাপাড়া। তিনি মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ১১ নম্বর রোডের ২ নম্বর বাসায় বসবাস করতেন।
গ্রেপ্তার ২ জনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।