কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে বরিশালে পৃথক নাশকতার ঘটনা ঘটেছে। গৌরনদীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া বরিশাল নগরীর বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে ও বিএম কলেজ এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে পৃথক এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার বার্থী এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ৩টি মোটরসাইকেলে করে ৬ জন অজ্ঞাত ব্যক্তি সেখানে গিয়ে ব্যাংক কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করেন। পরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন তারা।
এ সময় আশপাশের লোকজন চিৎকার শুরু করলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গ্রামীণ ব্যাংক কার্যালয়সংলগ্ন এলাকার বাসিন্দা মো. গিয়াস উদ্দিন বলেন, ৩টি মোটরসাইকেলে ৬ জন এসে ব্যাংকের জানালার কাচ ভাঙচুর করে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। তাদের দেখে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৮টার দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে নগরীর বিএম কলেজ এলাকাতেও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পৃথক এসব বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, বরিশাল নগরীকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এরপরও সুযোগ বুঝে গোপনে হামলার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, লকডাউনের নামে কেউ নগরীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে।